Skip to main content

Ridge Bangla

বুড়িগঙ্গা পুনরুদ্ধারসহ পানিসম্পদ ব্যবস্থাপনায় বাংলাদেশ-চীন যৌথ উদ্যোগে অগ্রগতি

বাংলাদেশ ও চীনের মধ্যে পানিসম্পদ ব্যবস্থাপনায় দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার হচ্ছে। এ লক্ষ্যে চীনের একটি উচ্চপর্যায়ের কারিগরি প্রতিনিধিদল ২৭ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সফর করেছে।

চলতি বছরের শুরুতে বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে যে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছিল, এই সফর তারই বাস্তবায়নের অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।

শুক্রবার (১ আগস্ট) বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, চীনা প্রতিনিধিদলের নেতৃত্ব দেন চাংজিয়াং ওয়াটার রিসোর্সেস কমিশনের প্রধান পরিকল্পনাবিদ শু ঝাওমিং। তাঁর সঙ্গে ছিলেন চীনের পানি সম্পদ মন্ত্রণালয়ের আন্তর্জাতিক অর্থনৈতিক ও কারিগরি সহযোগিতা ও বিনিময় কেন্দ্রের সিনিয়র প্রকৌশলী এবং বিশেষজ্ঞরা। বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো. এনায়েত উল্লাহ।

সফরকালে চীনা প্রতিনিধিদল দেশের জলাবদ্ধতা, নদীদূষণ, লবণাক্ততা ও নদীভাঙনের মতো প্রধান পানিসম্পদ সমস্যাগুলো সরেজমিনে পরিদর্শন করেন।

এর আগে বৃহস্পতিবার রাজধানীর পানি ভবনে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক কারিগরি বৈঠকে উভয় পক্ষ টেকসই, সহনশীল ও অন্তর্ভুক্তিমূলক পানিসম্পদ উন্নয়নে যৌথ পরিকল্পনা ও সহযোগিতা জোরদার করার বিষয়ে একমত হন। বৈঠকে বুড়িগঙ্গা নদীর পুনরুদ্ধারসহ অন্যান্য গুরুত্বপূর্ণ ইস্যুতেও আলোচনা হয়।

This post was viewed: 69

আরো পড়ুন