Skip to main content

Ridge Bangla

বিশেষ সম্মাননায় ভূষিত হচ্ছেন মাইলি সাইরাস

সংগীতজগতের জনপ্রিয়তা ছাপিয়ে এবার চলচ্চিত্রাঙ্গনে বিশেষ স্বীকৃতি অর্জন করতে যাচ্ছেন মার্কিন পপ তারকা মাইলি সাইরাস। জেমস ক্যামেরনের বহুল আলোচিত সিনেমা ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’-এ গাওয়া আবেগময় গান ‘ড্রিম অ্যাজ ওয়ান’-এর জন্য তাকে পাম স্প্রিংস আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কারের বিশেষ সম্মাননায় ভূষিত করা হচ্ছে। সংগীত ও সিনেমার সম্মিলনে এই অর্জন মাইলির ক্যারিয়ারে যোগ করল নতুন মাত্রা।

পাম স্প্রিংস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আগামী ২ থেকে ১২ জানুয়ারি অনুষ্ঠিত হবে। উৎসবের উদ্বোধনী দিনে, ৩ জানুয়ারি, আনুষ্ঠানিকভাবে মাইলি সাইরাসের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হবে বলে আয়োজকরা নিশ্চিত করেছেন।

জানা যায়, ‘ড্রিম অ্যাজ ওয়ান’ গানটির সহলেখক হিসেবে যুক্ত ছিলেন মাইলি সাইরাস। তার সঙ্গে ছিলেন অ্যান্ড্রু ওয়াট, মার্ক রনসন ও সাইমন ফ্র্যাংলেন। নতুন অ্যাভাটার সিনেমায় প্যান্ডোরার জগতে এই গানটি গুরুত্বপূর্ণ আবেগঘন দৃশ্যের সঙ্গে মিলেমিশে দর্শকদের মনে গভীর প্রভাব ফেলেছে।

মাইলির এই অর্জন নিয়ে উৎসবের চেয়ারম্যান নাছাত্তার সিং চাঁদি বলেন, “মাইলি সাইরাস এমন একজন শিল্পী, যিনি প্রতিটি কাজে নিজস্ব পরিচয় তুলে ধরেন। ‘ড্রিম অ্যাজ ওয়ান’ ইতোমধ্যেই বিশ্বজুড়ে দর্শকদের হৃদয় ছুঁয়েছে। তাকে এই সম্মাননা দিতে পেরে আমরা আনন্দিত।”

উল্লেখ্য, এর আগেও আন্তর্জাতিক স্বীকৃতির শীর্ষে উঠেছেন মাইলি সাইরাস। ২০২৪ সালের গ্র্যামি অ্যাওয়ার্ডসে তার জনপ্রিয় গান ‘ফ্লাওয়ার্স’-এর জন্য তিনি রেকর্ড অফ দ্য ইয়ার নির্বাচিত হয়েছেন।

This post was viewed: 65

আরো পড়ুন