Skip to main content

Ridge Bangla

বিপিএল থেকে সবার আগে এবারের আসরের নবাগত দল নোয়াখালীর বিদায়

বিপিএলে এবারই প্রথম অংশ নিয়েছিল নোয়াখালী এক্সপ্রেস। তবে আশানুরূপ ফল করতে না পেরে এবারের আসর থেকে সবার আগে ছিটকে গেল আলোচিত দলটি। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) প্রথমবার অংশ নিয়ে ভালো অভিজ্ঞতা অর্জন না করেই বিদায় নিতে হলো তাদের।

লিগ পর্বে নিজেদের একটি ম্যাচ বাকি থাকতেই টুর্নামেন্ট থেকে ছিটকে যায় নবাগত দলটি। টানা ছয় ম্যাচ হারের পর দুটি জয় নিয়ে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছিল নোয়াখালী এক্সপ্রেস। কিন্তু নিজেদের নবম ম্যাচে চট্টগ্রাম রয়্যালসের কাছে পাঁচ উইকেটে হেরে এক ম্যাচ আগেই এবারের বিপিএল থেকে বিদায় নিতে হয় তাদের। এখন পর্যন্ত নয় ম্যাচ খেলে সাতটি হারের তেঁতো স্বাদ পেয়েছে নোয়াখালী। মাত্র চার পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে রয়েছে দলটি। অন্যদিকে, আট ম্যাচ খেলা চট্টগ্রাম রয়্যালস ছয় জয়ে ১২ পয়েন্ট নিয়ে রয়েছে শীর্ষে।

শুক্রবার (১৬ জানুয়ারি) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামে নোয়াখালী। পেসার শরীফুল ইসলামের রেকর্ড গড়া বোলিং ফিগারের তোপে মাত্র ১২৬ রানে অলআউট হয় তারা। ১২৭ রানের লক্ষ্য তাড়ায় নেমে ২৯ রানে চার উইকেট হারিয়ে বসে চট্টগ্রাম রয়্যালস। এতে মনে হচ্ছিল থামবে তাদের জয়রথ। তবে অধিনায়ক শেখ মাহেদি এবং সাত নম্বরে নামা আসিফ আলী অনবদ্য ব্যাটিং নৈপুণ্যে ১৮ বল ও পাঁচ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করেন।

শেখ মাহেদি ৩৬ বলে ৪৯ রানের অপরাজিত ইনিংস খেলেন। আর আসিফ আলী অপরাজিত ছিলেন ৩০ বলে ৩৬ রান করে। এদিন তিন ওভার পাঁচ বলে মাত্র নয় রান খরচায় পাঁচ উইকেট শিকার করেন চট্টগ্রামের শরীফুল। ৩.৫ ওভারে নয় রান দিয়ে পাঁচ উইকেট নেওয়া এই আসরের দ্বিতীয় সেরা বোলিং ফিগার শরীফুলের। এর আগে নোয়াখালীর বিপক্ষে সিলেটে চার ওভারে সাত রান দিয়ে পাঁচ উইকেট পান সিলেট টাইটান্সের নাসুম আহমেদ।

এতে বাংলাদেশি পেসারদের মধ্যে বিপিএলের সবচেয়ে কম রান খরচ করে পাঁচ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন এই পেসার।

সংক্ষিপ্ত স্কোর

নোয়াখালী এক্সপ্রেস: ১২৬/১০, ১৯.৫ ওভার (ঈসাখিল ২৫, সাব্বির ২২, শরীফুল ৫/৯)
চট্টগ্রাম রয়্যালস: ১২৮/৫, ১৭ ওভার (মাহেদি ৪৯*, আসিফ ৩৬*, ইহসানউল্লাহ ২/২৩)

ফল: চট্টগ্রাম রয়্যালস পাঁচ উইকেটে জয়ী
ম্যাচসেরা: শরীফুল ইসলাম

This post was viewed: 55

আরো পড়ুন