Ridge Bangla

বিনিয়োগবান্ধব পরিবেশ গড়তে প্রধানমন্ত্রীর নির্দেশ

দেশি-বিদেশি বিনিয়োগ বাড়াতে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ ও দ্রুত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি কল-কারখানাগুলোতে বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট করতে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার কথাও জানিয়েছেন তিনি।

সোমবার (৪ মে) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক বৈঠকে এসব নির্দেশনা দেওয়া হয়। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন বন্ধ শিল্পপ্রতিষ্ঠানগুলোর বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ করণীয় নিয়ে সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতে হলে বিদ্যমান জটিলতা দূর করতে হবে। অপ্রয়োজনীয় দপ্তরের অনুমোদন প্রক্রিয়া থেকে বাদ দিয়ে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ নিশ্চিত করার ওপর জোর দেন তিনি।

এ ছাড়া বন্ধ কল-কারখানাগুলোতে বিনিয়োগ বাড়াতে সহজ শর্তে ঋণপ্রাপ্তি নিশ্চিত করার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোকে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

বৈঠকে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীসহ প্রধানমন্ত্রীর উপদেষ্টা, মুখ্য সচিব এবং সংশ্লিষ্ট সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

This post was viewed: 3

আরো পড়ুন