Skip to main content

Ridge Bangla

বিচ্ছেদ দাবি কণার, স্বামী বলছেন “কোনো বিচ্ছেদ হয়নি”

দীর্ঘ ছয় বছরের দাম্পত্য জীবনের ইতি টেনেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কণা—এমনটাই জানিয়ে দিয়েছেন তিনি নিজেই। তবে তার ঘোষণার পর স্বামী গোলাম মোহাম্মদ ইফতেখার গহিন উল্টো দাবি করে বলেছেন, “আমাদের কোনো বিচ্ছেদ হয়নি,” যার ফলে পুরো বিষয়টি ঘিরে তৈরি হয়েছে বিভ্রান্তি।

বুধবার (২৫ জুন) দিবাগত রাতে নিজের অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক আবেগঘন পোস্টে কণা লেখেন, “জন্ম, মৃত্যু, বিয়ে—সবই আল্লাহর ইচ্ছা। তেমনি, বিচ্ছেদও তাঁর ইশারায় হয়। ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি, আমি ও গহিন গত ১৬ জুন ২০২৫ তারিখে আমাদের বিবাহবিচ্ছেদ সম্পন্ন করেছি।”

তিনি আরও লেখেন, “এটি আমাদের দুজনের জন্যই কঠিন সিদ্ধান্ত ছিল। পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমেই আমরা এই পথে হেঁটেছি। আমরা একে অপরের প্রতি শ্রদ্ধাশীল থাকব এবং শান্তি ও সম্মানের সঙ্গে জীবনের নতুন অধ্যায়ে এগিয়ে যেতে চাই।”

এই সময়ে তিনি ভক্ত-অনুরাগীদের ভালোবাসা ও সমর্থনের অনুরোধ জানান এবং জানান যে, তিনি আবারও তার সংগীতচর্চায় পূর্ণ মনোযোগ দিতে চান।

তবে এই ঘোষণার কিছুক্ষণ পরেই স্বামী গহিন নিজের ফেসবুক প্রোফাইলে লেখেন, “আমাদের মধ্যে কোনো বিচ্ছেদ হয়নি। পারিবারিক কিছু সমস্যা চলছে, তা সমাধানের চেষ্টা করছি। কণাকে ঘিরে যেসব কুরুচিপূর্ণ গুজব ছড়ানো হচ্ছে, তা কুচক্রী মহলের মিথ্যা প্রচারণা।”

তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, “ভবিষ্যতে কেউ যদি তথ্য প্রমাণ ছাড়া মিথ্যা সংবাদ ছড়ায়, তবে আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হব।”

২০১৯ সালের ২১ এপ্রিল সাত বছরের প্রেমের পর কণা ও গহিন বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের পর থেকে তারা ব্যক্তিগত জীবন সাধারণত গণমাধ্যমের বাইরে রাখলেও হঠাৎ এমন বিপরীতমুখী মন্তব্যে ভক্ত ও নেটিজেনদের মধ্যে সৃষ্টি হয়েছে ধোঁয়াশা।

This post was viewed: 119

আরো পড়ুন