আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। জনগণের জীবনমান উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক অগ্রগতিকে সামনে রেখে ইশতেহারে ৯টি প্রধান অঙ্গীকার তুলে ধরা হয়েছে। এর মধ্যে ফ্যামিলি কার্ড চালু, এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ, কর্মমুখী শিক্ষা ব্যবস্থা, ডিজিটাল অর্থনীতি সম্প্রসারণ এবং ‘মেড ইন বাংলাদেশ’ পণ্যের রপ্তানি বৃদ্ধির ঘোষণা বিশেষ গুরুত্ব পেয়েছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টায় শুরু হওয়া ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় এলে ঘোষিত প্রতিশ্রুতিগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।
ইশতেহারের প্রথম অঙ্গীকার হিসেবে প্রান্তিক ও নিম্নআয়ের পরিবারকে সহায়তা দিতে ‘ফ্যামিলি কার্ড’ চালুর কথা বলা হয়েছে। এর মাধ্যমে প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা বা সমমূল্যের নিত্যপ্রয়োজনীয় পণ্য দেওয়ার পরিকল্পনা রয়েছে, যা ভবিষ্যতে বাড়ানো হবে। কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ চালু করে ভর্তুকি, সহজ ঋণ, কৃষি বিমা ও ন্যায্যমূল্য নিশ্চিত করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। মৎস্যচাষি ও পশুপালনকারী খামারিরাও এই সুবিধার আওতায় থাকবেন।
স্বাস্থ্যখাতে দুর্নীতিমুক্ত ও মানবিক সেবা নিশ্চিত করতে দেশজুড়ে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ, মা ও শিশুর পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা এবং রোগ প্রতিরোধমূলক কার্যক্রম জোরদারের কথা বলা হয়েছে। শিক্ষা খাতে কর্মমুখী ও আনন্দময় শিক্ষা ব্যবস্থা চালু, প্রাথমিক শিক্ষায় গুরুত্ব বৃদ্ধি, প্রযুক্তি সহায়তা এবং ‘মিড-ডে মিল’ চালুর অঙ্গীকার রয়েছে।
তরুণদের কর্মসংস্থান নিশ্চিত করতে কারিগরি ও ভাষা দক্ষতা উন্নয়ন, স্টার্টআপ ও উদ্যোক্তা সহায়তা এবং মেধাভিত্তিক নিয়োগের ঘোষণা দেওয়া হয়েছে। পাশাপাশি ক্রীড়াখাতের অবকাঠামো উন্নয়ন, পরিবেশ ও জলবায়ু সুরক্ষায় নদী-খাল খনন ও বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের প্রতিশ্রুতি রয়েছে।
এ ছাড়া ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি জোরদার, ডিজিটাল অর্থনীতি সম্প্রসারণ, আন্তর্জাতিক পেমেন্ট সিস্টেম চালু, ই-কমার্সের আঞ্চলিক হাব গঠন এবং ‘মেড ইন বাংলাদেশ’ পণ্যের বৈশ্বিক বাজার সম্প্রসারণের কথাও ইশতেহারে উল্লেখ করা হয়েছে।