Ridge Bangla

বাড়ি থেকে ডেকে নিয়ে ছাত্রদলের কর্মীকে খুন

ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে আধিপত্য বিস্তার নিয়ে চলা দীর্ঘদিনের বিরোধের জেরে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) মধ্যরাতে সাদ্দাম হোসেন সাদ্দাম (৩৫) নামে এক ছাত্রদলের সাবেক কর্মীকে গুলি করে ও গলা কেটে হত্যা করা হয়েছে। নিহত সাদ্দাম শহরের কান্দিপাড়ার মায়মলহাটির মোস্তফা কামাল মস্তুর ছেলে।

পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা যায়, জেলা শহরের কান্দিপাড়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে লায়ন শাকিল গ্রুপ ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলীপ গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা বিরাজ করছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় দিলীপ গ্রুপের তিনজনকে শাকিল গ্রুপের লোকজন গুলি করে আহত করে।

এই ঘটনার জেরে এলাকায় চরম উত্তেজনা চলছিলো। এরপর মধ্যরাতে দিলীপ ও তার কয়েকজন সহযোগী সাদ্দামকে তার বাড়ি থেকে ডেকে নিয়ে যান বলে জানা যায়। এর কিছুক্ষণ পরই খবর আসে যে সাদ্দাম গুলিবিদ্ধ অবস্থায় সড়কে পড়ে আছেন। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলীপ তার বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন যে, তিনি সাদ্দামকে ডেকে নিয়ে যাননি, বরং সাদ্দাম তার সঙ্গেই ছিলেন। দিলীপের অভিযোগ, রাতে লায়ন শাকিল ও তার সহযোগীরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে সাদ্দাম গুলিবিদ্ধ হয়ে নিহত হন।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কান্দিপাড়ার দুই প্রভাবশালী গ্রুপের মধ্যে এলাকায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা নিয়ে চলমান বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, একই দিন সন্ধ্যায় ওই এলাকায় দুই গ্রুপের সংঘর্ষে গোলাগুলি ও ধারালো অস্ত্রের আঘাতে অন্তত ৩ জন গুলিবিদ্ধসহ মোট ৫ জন আহত হয়েছিল।

This post was viewed: 61

আরো পড়ুন