Ridge Bangla

বাংলাদেশে জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে বৃহৎ প্রতিনিধি দল পাঠাবে ইউরোপীয় ইউনিয়ন

আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে বাংলাদেশে একটি বৃহৎ পর্যবেক্ষক দল পাঠানোর পরিকল্পনা করছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

মঙ্গলবার (২৮ অক্টোবর) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে এ তথ্য জানান বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। রাষ্ট্রদূত মিলার বলেন, ইইউর নির্বাচন পর্যবেক্ষণ মিশন এখনো চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। প্রস্তাবিত দলে ১৫০ থেকে ২০০ জন সদস্য থাকবেন। তাঁদের মধ্যে কিছু সদস্য ভোটের প্রায় ছয় সপ্তাহ আগে এবং বাকিরা ভোটের এক সপ্তাহ আগে বাংলাদেশে পৌঁছাবেন।

তিনি আরও জানান, ২০০৮ সালের পর এই প্রথমবারের মতো ইইউ বাংলাদেশে পূর্ণাঙ্গ নির্বাচন পর্যবেক্ষণ দল পাঠাচ্ছে। পাশাপাশি ভোটের সময় স্থানীয় নির্বাচন পর্যবেক্ষক নিয়োগেও সহায়তা দেবে ইইউ। প্রায় এক ঘণ্টাব্যাপী বৈঠকে দুই পক্ষ সংবিধান সংস্কার, বিচার বিভাগ ও শ্রম খাতের সংস্কার, নির্বাচন প্রস্তুতি, বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক এবং দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।

রাষ্ট্রদূত মিলার জুলাই জাতীয় সনদকে একটি গুরুত্বপূর্ণ দলিল হিসেবে উল্লেখ করে বলেন, এটি বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর প্রক্রিয়াকে আরও সুসংহত করবে। তিনি সম্প্রতি শ্রম আইন সংস্কার ও বিচার বিভাগের স্বাধীনতা জোরদার করার পদক্ষেপগুলোকেও প্রশংসা করেন। মিলার বলেন, “এসব উদ্যোগ বাংলাদেশের গণতন্ত্রকে আরও শক্তিশালী করবে। আমরা চাই ফেব্রুয়ারির নির্বাচন অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্যভাবে অনুষ্ঠিত হোক। এ জন্য ইইউ নির্বাচন কমিশনের পাশে থাকবে।”

এছাড়া বৈঠকে উভয় পক্ষ অর্থনৈতিক অংশীদারিত্ব, বাণিজ্য ও পরিবহন খাত এবং মানব পাচার প্রতিরোধে যৌথ সহযোগিতা বৃদ্ধির বিষয়ে ঐকমত্যে পৌঁছায়।

This post was viewed: 36

আরো পড়ুন