Skip to main content

Ridge Bangla

বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া সহজ করতে কানাডাকে অনুরোধ

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য কানাডার ভিসা প্রক্রিয়া সহজ করার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম। রোববার (১৩ জুলাই) ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে কানাডার ইন্দো-প্যাসিফিক বিষয়ক সহকারী উপমন্ত্রী ওয়েলডন ইপি-র সঙ্গে এক বৈঠকে তিনি এই অনুরোধ জানান।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, সহকারী উপমন্ত্রী ওয়েলডনের এ সফর তার প্রথম ঢাকা আগমন এবং এটি বাংলাদেশ-কানাডা ক্রমবর্ধমান দ্বিপক্ষীয় সম্পর্কের প্রতিফলন। বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, উন্নয়ন সহযোগিতা এবং জনগণের সঙ্গে জনগণের সংযোগ—এই বিষয়গুলোতে সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।

পররাষ্ট্রসচিব বলেন, কানাডায় উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী অনেক বাংলাদেশি শিক্ষার্থীর জন্য সহজ ও কার্যকর ভিসা প্রক্রিয়া নিশ্চিত করা জরুরি। তিনি এই ক্ষেত্রে দ্রুত পদক্ষেপ নিতে কানাডা সরকারের প্রতি আহ্বান জানান।

কানাডিয়ান উপমন্ত্রী ওয়েলডন ইপি বলেন, কানাডায় বসবাসরত বাংলাদেশি অভিবাসীরা দু’দেশের মধ্যে সেতুবন্ধন রচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ সম্পর্ক কৌশলগত অংশীদারত্বে নতুন মাত্রা যোগ করছে বলেও তিনি মন্তব্য করেন।

বৈঠকে উভয়পক্ষ FIPA (Foreign Investment Protection and Promotion Agreement)-এর আলোচনায় সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে FTA (Free Trade Agreement) নিয়ে সংলাপ শুরু করার সম্ভাবনা নিয়েও আলোচনা করেন। ওয়েলডন ইপি উল্লেখ করেন, “FIPA কানাডিয়ান বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে সহায়ক হবে।”

এছাড়া তিনি বাংলাদেশের রোহিঙ্গা মানবিক সহায়তা প্রশংসা করেন এবং জানান, কানাডা এই সংকটে বাংলাদেশের পাশে থাকবে।

বৈঠকের শেষাংশে উভয়পক্ষ ইন্দো-প্যাসিফিক অঞ্চলে পারস্পরিক স্বার্থে সহযোগিতা আরও জোরদার এবং দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও বহুমাত্রিক ও গভীর করার বিষয়ে ঐকমত্যে পৌঁছান।

This post was viewed: 55

আরো পড়ুন