Skip to main content

Ridge Bangla

বাংলাদেশবিহীন ইডেনের হাহাকার, ফাঁকা গ্যালারি

নাটকীয় পরিস্থিতির পর অবশেষে শুরু হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে বাংলাদেশ নিরাপত্তার কারণে টুর্নামেন্ট থেকে সরে যাওয়ায় কলকাতার ঐতিহ্যবাহী ইডেন গার্ডেনে উৎসবের উন্মাদনা দেখা যায়নি। আজ শনিবার ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ডের ম্যাচে ফাঁকা গ্যালারি এই অনুপস্থিতির বড় প্রমাণ হয়ে দাঁড়িয়েছে।

স্টেডিয়ামের সিংহভাগ আসন ফাঁকা। টিকিট বিক্রি আগেই ধস খেয়েছে। ম্যাচ শুরুর পর গ্যালারিতে দর্শক উপস্থিতি ছিল অত্যন্ত কম। বাংলাদেশ থাকলে যেখানে জনসমুদ্রের গর্জন শোনা যেত, সেখানে আজ শুধু খালি আসন ও হাহাকার। এমন পরিবেশেই টস অনুষ্ঠিত হয়।

টসে জয়ী স্কটল্যান্ডের অধিনায়ক রিচি বেরিংটন ওয়েস্ট ইন্ডিজকে প্রথমে ব্যাটিংয়ে আমন্ত্রণ দেন। ওয়েস্ট ইন্ডিজ নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৮২ রান সংগ্রহ করে।

‘সি’ গ্রুপে বাংলাদেশের জায়গা নেওয়া স্কটল্যান্ড নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করে আজ। ম্যাচের আগে স্কটিশ স্পিনার মার্ক ওয়াট বাংলাদেশকে সমর্থন জানান। তিনি বলেন, “আমরা বাংলাদেশি ক্রিকেটারদের প্রতি সমব্যথী, তবে নিজেদের যোগ্যতা প্রমাণ করতেই এখানে রয়েছি। আমাদের র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা যেকোনো দলকে হারানোর ক্ষমতা রয়েছে।”

নিরাপত্তাজনিত কারণে আইসিসি বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করেছে। ‘সি’ গ্রুপে তারা লড়বে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইতালির বিপক্ষে।

বিশ্বকাপের প্রথম ম্যাচে জয় দিয়ে শুরু করেছে পাকিস্তান, যারা বাংলাদেশের পাশে থেকে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে। দিনের তৃতীয় ম্যাচে সন্ধ্যায় মাঠে নামবে স্বাগতিক ভারত।

This post was viewed: 73

আরো পড়ুন