Ridge Bangla

বরিশালে ছাত্রলীগের সাবেক নেতাসহ ১৩ জন খালাস

নিষিদ্ধ সংগঠন বরিশাল মহানগর ছাত্রলীগের সাবেক আহ্বায়ক ও শ্রমিক লীগের বর্তমান সদস্য সচিব রইজ আহমেদ মান্নাসহ ১৩ জন নেতাকর্মীকে খালাস দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে শুনানি শেষে বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নুরুন নাজনীন এ আদেশ দেন।

আদালত সূত্র জানায়, খালাসপ্রাপ্তদের পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট এসএম আতিকুল ইসলাম রফিক, অ্যাডভোকেট মামুন চৌধুরি, একেএম আমিনুল ইসলাম সেন্টু ও আর্শিব সন্যামত। আদালতের বেঞ্চ সহকারী রেজাউল ইসলাম রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

খালাসপ্রাপ্ত আসামিদের মধ্যে রয়েছেন বরিশাল মহানগর ছাত্রলীগের সাবেক আহ্বায়ক রইজ আহমেদ মান্না, তার ঘনিষ্ঠ সহযোগী রিশাদ আহমেদ নাদিম, পারভেজ হাওলাদার, শান্ত ইসলাম, মেহেদী হাসান সম্পদ, মিজানুর রহমান শাওন, মামুন হাওলাদার, আল আমিন হাওলাদার, রাসেদ হাওলাদার, ইমরান হোসেন সজিব ও ফাহিমসহ মোট ১৩ জন। তারা সবাই নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মী হিসেবে পরিচিত।

মামলার নথি অনুযায়ী, ২০২৩ সালে অনুষ্ঠিত বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের সময় আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাতের কর্মীদের ওপর হামলার অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। অভিযোগে বলা হয়, ২০২৩ সালের ১৪ মে রাতে নগরীর কাউনিয়া মহাশ্মশানের সামনে ওই প্রার্থীর চার কর্মীকে মারধর করা হয়।

এ ঘটনায় ওই রাতেই র‍্যাব ও পুলিশের যৌথ অভিযানে ১৩ জনকে আটক করা হয়। পরে আহত মনা আহম্মেদ বাদী হয়ে কাউনিয়া থানায় মামলা করেন। মামলায় ২১ জনের নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাতনামা আরও ৪০ থেকে ৫০ জনকে আসামি করা হয়েছিল।

This post was viewed: 20

আরো পড়ুন