Ridge Bangla

বড়লেখা সীমান্তে ভারতীয় বিএসএফ পুশ ইন করেছে ৮ জনকে

মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) চার রোহিঙ্গাসহ চার বাংলাদেশিকে পুশ ইন করেছে। শুক্রবার (৮ আগস্ট) সকালে উপজেলার বাতামোড়ল পানপুঞ্জি এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাদের আটক করে।

আটকদের মধ্যে রয়েছেন টেকনাফের লেদা ক্যাম্পের চার রোহিঙ্গা—আসাদুল্লাহ (৪৫), তার স্ত্রী জমিলা বেগম (২৫), মেয়ে আসমা খাতুন (২) ও ছেলে হামিদ হোসেন (১৫)। এছাড়া চার বাংলাদেশি হলেন ব্রাহ্মণবাড়িয়ার কসবার শিরীন আক্তার (৩৫) ও তার ছেলে মোহাম্মদ সিয়াম (১৮), পাবনার মো. জাকির শেখ (২৫) এবং কিশোরগঞ্জের কটিয়াদীর সাবিনা খাতুন (৩০)।

বিজিবি সূত্র জানায়, সীমান্ত পিলার ১৩৭৪ থেকে প্রায় ৫০০ গজ ভেতরে নিউ পাল্লাথল বিওপির টহলদল তাদের ঘোরাঘুরি করার সময় আটক করে। জানা যায়, কয়েক বছর আগে ওই চার রোহিঙ্গা অবৈধভাবে ভারতে কাজের সন্ধানে গিয়েছিলেন। একইভাবে চার বাংলাদেশিও সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করেন। সম্প্রতি ভারতীয় পুলিশ তাদের আটক করে বিএসএফের হাতে তুলে দেয়। পরে শুক্রবার ভোরে বিএসএফ বড়লেখার পানপুঞ্জি সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে ফেরত পাঠায়।

বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরি জানান, আটককৃতদের পরিচয় যাচাই করে বড়লেখা থানায় আইনগত প্রক্রিয়ার জন্য হস্তান্তর করা হবে। তবে বড়লেখা থানার ওসি মো. মাহবুবুর রহমান মোল্লা জানান, বিজিবি এখনও তাদের থানায় সোপর্দ করেনি। সোপর্দের পরই যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনার পর বড়লেখা সীমান্তে সশস্ত্র সুরক্ষা কার্যক্রম জোরদার করা হয়েছে এবং অবৈধ সীমান্ত পারাপার রোধে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।

This post was viewed: 26

আরো পড়ুন