ঈদের দিন সোমবার (৩১ মার্চ) বগুড়ার শেরপুর উপজেলায় পৃথক দুটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন একজন বাবা, তার শিশু কন্যা এবং এক যুবক। এছাড়া আরও অন্তত তিনজন আহত হয়েছেন।
দুপুর সাড়ে ১২টার দিকে শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নের ঝুপুনিয়া সেতুর মোড়ে ঘটে প্রথম দুর্ঘটনাটি। যমুনা নদীতে ঘুরতে যাওয়ার পথে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সেটি সড়কের পাশে একটি গাছে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন হিন্দু পানিসাড়া গ্রামের অলোক সরকার (২০), জয়ন্ত সরকার (২০) ও শুভ সরকার (১৯)। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক অলোক সরকারকে মৃত ঘোষণা করেন। আহত জয়ন্ত সরকারকে উন্নত চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শুভ সরকার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
এরপর দুপুর সোয়া ২টার দিকে শেরপুর উপজেলার মহিপুর জামতলা এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে ঘটে আরেকটি মর্মান্তিক দুর্ঘটনা। মোটরসাইকেলে করে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে যাচ্ছিলেন শরিফুল ইসলাম (৩২) ও তার তিন বছরের কন্যা সেজদা। এ সময় একটি ঢাকাগামী বাস তাদের এলোপাতাড়িভাবে চাপা দেয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় বাবা-মেয়েকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
দুটি দুর্ঘটনাই ঈদের আনন্দময় মুহূর্তে গভীর শোকের ছায়া ফেলেছে এলাকাজুড়ে। পুলিশ দুর্ঘটনাগুলোর তদন্ত শুরু করেছে।