অমর একুশে বইমেলাকে কেবল বই কেনাবেচার আয়োজন না ভেবে শিক্ষা ও সাংস্কৃতিক বিকাশের কেন্দ্র হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) অমর একুশে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ১৯৭৮ সালে শুরু হওয়া এ বইমেলা আজ জাতির মেধা-মননের প্রতীকে পরিণত হয়েছে। ভাষা আন্দোলনের স্মৃতিবাহী এ আয়োজন অন্য দেশের বইমেলার মতো নয়; এটি মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের স্মারক। চলমান রাজনৈতিক বাস্তবতার কারণে এ বছর নির্ধারিত সময়ের কিছুটা পরে মেলা শুরু হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
বই পড়ার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, নিয়মিত পাঠাভ্যাস মস্তিষ্কের বিকাশ ঘটায়, স্মৃতিশক্তি ও বিশ্লেষণী ক্ষমতা বাড়ায়। তবে তথ্যপ্রযুক্তির প্রসারে, বিশেষ করে ইন্টারনেট আসক্তি, তরুণদের বইবিমুখ করছে বলে উদ্বেগ প্রকাশ করেন তিনি। উন্নত দেশের গবেষণার উদ্ধৃতি দিয়ে প্রধানমন্ত্রী জানান, অতিরিক্ত ইন্টারনেট ব্যবহার শিক্ষার্থীদের পড়াশোনায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তিনি আরও বলেন, আন্তর্জাতিক জরিপে দেখা গেছে, বাংলাদেশের মানুষের বার্ষিক পাঠাভ্যাস এখনো সন্তোষজনক নয়। তাই বইমেলা নতুন প্রজন্মকে বইমুখী করে তুলবে, এটাই প্রত্যাশা।