Skip to main content

Ridge Bangla

ফেসবুকে ছড়িয়ে পড়া ওসমান হাদির মৃত্যুর খবর ভিত্তিহীন

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন জুলাই বিপ্লবী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লেও তা সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছে তার নেতৃত্বাধীন সংগঠন ইনকিলাব মঞ্চ। সংগঠনটি স্পষ্ট করে জানিয়েছে, হাদির শারীরিক অবস্থা এখনো সংকটাপন্ন হলেও তিনি মারা যাননি।

বুধবার (১৭ ডিসেম্বর) মধ্যরাতে দেওয়া এক বিবৃতিতে ইনকিলাব মঞ্চ জানায়, ফেসবুকে হাদির মৃত্যুর যে সংবাদ প্রচার করা হচ্ছে, সেটি সত্য নয় এবং এটি নিছক গুজব। বিবৃতিতে বলা হয়, ‘ওসমান হাদি ভাইয়ের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। তবে তার মৃত্যুর যে খবর ছড়ানো হচ্ছে, তার কোনো সত্যতা নেই।’

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, হাদির চিকিৎসা সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণের মধ্য দিয়ে চলছে। চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এই অবস্থায় দায়িত্বশীল আচরণ বজায় রেখে কেউ যেন গুজব বা যাচাইহীন তথ্য ছড়ানো থেকে বিরত থাকেন, সে আহ্বান জানানো হয়েছে।

হাদির পরিবারের পক্ষ থেকেও দেশবাসীর কাছে দোয়ার আবেদন জানানো হয়েছে। পরিবারের সদস্যরা বলেন, এই কঠিন সময়ে তারা সবার দোয়া ও মানসিক সমর্থন প্রত্যাশা করছেন। বিবৃতিতে দোয়া চেয়ে বলা হয়, ‘আল্লাহ যেন তাকে হায়াতে তাইয়্যেবাহ নসিব করেন এবং দ্রুত সুস্থ করে তোলেন।’

এর আগে বুধবার রাতে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে জানানো হয়, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন শরিফ ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। ওই পোস্টে উল্লেখ করা হয়, সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ড. ভিভিয়ান বালাকৃষ্ণান হাসপাতালে গিয়ে হাদিকে দেখে এসেছেন। পরে রাত ৯টা ৪০ মিনিটে তিনি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে ফোন করে হাদির সর্বশেষ চিকিৎসা পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন।

This post was viewed: 45

আরো পড়ুন