সম্পর্কে জটিলতা তৈরি হলে নিজেকে দূরে সরিয়ে নেওয়াটাই শ্রেয়—এমন বিশ্বাসে নিজেকে পরিচালিত করেন দক্ষিণী তারকা সামান্থা রুথ প্রভু। ব্যক্তিগত জীবনেও এই নীতিই অনুসরণ করেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে স্পষ্ট ভাষায় বললেন, ‘আমি যা ভাবি, তাই করি।’
সামান্থা ও তার সাবেক স্বামী নাগা চৈতন্যের বিচ্ছেদ নিয়ে ২০২১ সালে যে আলোড়ন উঠেছিল, তা অনেকেরই মনে আছে। চার বছরের দাম্পত্যের ইতি টানার পর, একপর্যায়ে পরিচালক রাজ নিদিমোরুর সঙ্গে নতুন সম্পর্কের গুঞ্জনেও নাম জড়ায় তার। তবে এবার সামান্থা যে ‘সম্পর্ক’ থেকে নিজেকে দূরে রাখছেন, সেটি কোনো মানুষের সঙ্গে নয়—তার মোবাইল ফোনের সঙ্গে!
অভিনেত্রী নিজেই জানিয়েছেন, একসময় তিনি ফোন ছাড়া এক মুহূর্তও থাকতে পারতেন না। সারাক্ষণ ফোন হাতে নিয়ে ব্যস্ত থাকতেন, যা একপ্রকার নেশায় পরিণত হয়েছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে নিজের জীবনযাপন ও মানসিক স্বাস্থ্যের কথা ভেবে সেই আসক্তি থেকে সরে আসেন।
সামান্থার নতুন অভ্যাস হলো—সপ্তাহে তিন দিন সম্পূর্ণভাবে মোবাইল ফোন থেকে দূরে থাকা। এই সময় তিনি ফোন বন্ধ রেখে কারও সঙ্গে যোগাযোগ করেন না। বরং নিজের সঙ্গে সময় কাটান, মনকে বিশ্রাম দেন। তার কথায়, “ফোন থেকে দূরে থাকলে মস্তিষ্কও বিশ্রাম পায়। আমি তখন নিজের মতো করে সময় কাটাই এবং নিজেকে নতুন করে আবিষ্কার করি।”
৩৮ বছর বয়সী এই জনপ্রিয় অভিনেত্রীর এমন সিদ্ধান্তকে অনেকেই প্রশংসার চোখে দেখছেন। কর্মব্যস্ততার মাঝেও আত্মজাগরণের জন্য এমন সচেতনতা এখন খুবই বিরল।