Skip to main content

Ridge Bangla

ফেনীতে বাঁধ ভেঙে পানিবন্দি ২০ গ্রামের মানুষ

ফেনীতে টানা ভারী বর্ষণ ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মুহুরী ও সিলোনিয়া নদীর ১১টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) বিকেল থেকে এসব ভাঙা অংশ দিয়ে পানি ঢুকে অন্তত ২০টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে হাজারো মানুষ পানিবন্দি হয়ে চরম দুর্ভোগে পড়েছেন।

ফুলগাজীতে মুহুরী নদীর ৪টি এবং পরশুরামে সিলোনিয়া নদীর ৭টি স্থানে বাঁধে ভাঙন সৃষ্টি হয়েছে। মুহুরী নদীর বাঁধ ভেঙে পরশুরামের মধ্যম ধনীকুন্ডা, নোয়াপুর, শালধর, ফুলগাজীর দেড়পাড়া ও নাপিতকোনা এলাকায় পানি ঢুকে পড়ে। অন্যদিকে সিলোনিয়া নদীর ভাঙনে মির্জানগরের পশ্চিম গদানগর, জঙ্গলঘোনা, উত্তর মনিপুর দাসপাড়া ও মেলাঘর এলাকাও প্লাবিত হয়েছে।

উত্তর মনিপুর এলাকার বাসিন্দা রহমান মিয়া বলেন, “গত বছরের ভাঙন স্থায়ীভাবে মেরামত না করায় এবারও পানি ঢুকেছে। নদীর নাব্যতা ফেরানো না হলে এমন ভোগান্তি চলতেই থাকবে।”

পানি উন্নয়ন বোর্ডের উপ-প্রকৌশলী আবুল কাশেম বলেন, “এখন পর্যন্ত ১১টি ভাঙনের খবর পাওয়া গেছে। আমরা মাঠ পর্যায়ে জরুরি কাজ চালিয়ে যাচ্ছি।”

এদিকে শহরের বিভিন্ন এলাকাতেও দেখা দিয়েছে জলাবদ্ধতা। ডাক্তারপাড়া, শহীদ শহিদুল্লা কায়সার সড়ক, নাজির রোড, শাহীন একাডেমি, মিজান রোড, সদর হাসপাতাল মোড়সহ নিচু এলাকাগুলো পানিতে তলিয়ে গেছে। অনেক দোকানে পানি ঢুকে মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। বিকেল থেকে পানি কিছুটা নামতে শুরু করলেও দুর্ভোগ কাটেনি।

আবহাওয়া অফিসের কর্মকর্তা মজিবুর রহমান জানান, মঙ্গলবার রাত ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ফেনীতে ৪৪১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা সাম্প্রতিক কয়েক বছরের মধ্যে সর্বোচ্চ। আরও ২-৩ দিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলেও জানান তিনি।

This post was viewed: 166

আরো পড়ুন