Ridge Bangla

ফিলিস্তিনের পক্ষে দাঁড়ালেন ভারতের অভিনেতা প্রকাশ রাজ

ভারতের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজ ফিলিস্তিনে চলমান সংঘাতকে ‘গণহত্যা’ আখ্যা দিয়ে ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনা করেছেন। তিনি বলেন, ফিলিস্তিনে চলমান নৃশংসতার জন্য এই তিন পক্ষই দায়ী।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, গত ১৯ সেপ্টেম্বর চেন্নাইতে ফিলিস্তিনের জন্য প্রতিবাদ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। তামিলনাড়ুর বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও গণমাধ্যম এতে অংশ নেয়। এই সমাবেশে অভিনেতা প্রকাশ রাজ ছাড়াও উপস্থিত ছিলেন অভিনেতা সত্যরাজ এবং চলচ্চিত্র নির্মাতা ভেত্রিমারনসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তি।

প্রকাশ রাজ বলেন, “যদি অন্যায়ের বিরুদ্ধে কথা বলাকে রাজনীতি বলা হয়, তবে হ্যাঁ, এটি রাজনীতি। আমরা কথা বলবই। যুদ্ধ শেষ হবে, নেতারা চলে যাবেন, কিন্তু একজন মা তার ছেলের জন্য, একজন স্ত্রী তার স্বামীর জন্য, আর শিশুরা তাদের বাবার জন্য অপেক্ষা করবে। এটাই হলো সত্য।”

তিনি আরও যোগ করেন, “ফিলিস্তিনে যা চলছে, তার জন্য শুধু ইসরায়েল নয়, আমেরিকাও দায়ী। নরেন্দ্র মোদির নীরবতাও সমানভাবে দায়ী।” অভিনেতা সত্যরাজ গাজায় হত্যাকাণ্ডকে অমানবিক ও মানবতাবিরোধী অপরাধ বলে নিন্দা জানিয়েছেন। তিনি প্রশ্ন তুলেছেন, “কীভাবে গাজায় বোমা ফেলা হচ্ছে? মানবতা কোথায়? এসব নৃশংসতার পর মানুষ কীভাবে শান্তিতে ঘুমায়?”

চলচ্চিত্র নির্মাতা ভেত্রিমারন ফিলিস্তিনের আগ্রাসনকে পরিকল্পিত গণহত্যা হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন, “গাজায় শুধুমাত্র আবাসিক এলাকা নয়, স্কুল ও হাসপাতালেও বোমা ফেলা হচ্ছে। এমনকি জলপাই গাছও ধ্বংস করা হচ্ছে, যা মানুষের জীবন-জীবিকার একটি উৎস।”

This post was viewed: 54

আরো পড়ুন