Skip to main content

Ridge Bangla

ফিলিপাইনে সুপার টাইফুন ‘ফাং-ওং’-এর তাণ্ডব, নিহত ২ জন

ফিলিপাইনের উত্তরাঞ্চলে আঘাত হেনেছে শক্তিশালী সুপার টাইফুন ‘ফাং-ওং’। প্রবল বাতাস ও ভারী বৃষ্টিপাতে উপকূলীয় অঞ্চল লণ্ডভণ্ড হয়ে গেছে। এতে এখন পর্যন্ত দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দেশটির বহু এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে এবং ঘোষণা করা হয়েছে রাষ্ট্রীয় জরুরি অবস্থা।

রোববার (৯ নভেম্বর) স্থানীয় সময় রাত ৯টার পর লুজন দ্বীপের অরোরা প্রদেশে ঘূর্ণিঝড়টি ঘণ্টায় প্রায় ১৮৫ কিলোমিটার বেগে স্থলভাগে আঘাত হানে। ফিলিপাইন আবহাওয়া সংস্থা পাগাসা জানায়, টাইফুনের প্রভাবে কেন্দ্রীয় ও পূর্বাঞ্চলে ব্যাপক বৃষ্টি ও ঝড়ো হাওয়া বয়ে গেছে। নিরাপত্তার স্বার্থে ৯ লাখেরও বেশি মানুষকে আগে থেকেই নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়।

আবহাওয়া সংস্থার তথ্য অনুযায়ী, ফাং-ওংয়ের কেন্দ্রের কাছাকাছি বাতাসের গতিবেগ কখনো কখনো ঘণ্টায় ২৩০ কিলোমিটার পর্যন্ত পৌঁছায়। প্রবল ঝড়ে ঘরবাড়ি, বিদ্যুৎ লাইন ও সড়ক যোগাযোগ ব্যবস্থা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধারকাজ শুরু হয়েছে এবং ক্ষয়ক্ষতির পূর্ণ চিত্র এখনো জানা যায়নি। ঝড়টি লুজন দ্বীপ পেরিয়ে এখন উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে।

পাগাসার পূর্বাভাস অনুযায়ী, সোমবার থেকে মঙ্গলবারের মধ্যে ফাং-ওং তাইওয়ান প্রণালির দিকে অগ্রসর হবে এবং বৃহস্পতিবার পশ্চিম তাইওয়ান উপকূলে পৌঁছে দুর্বল হয়ে পড়বে। এর আগে কয়েক সপ্তাহ আগে টাইফুন ‘কালমেগি’ ফিলিপাইনে তাণ্ডব চালিয়ে অন্তত ২০৪ জনের মৃত্যু ঘটায় এবং শতাধিক মানুষকে নিখোঁজ করে যায়।

This post was viewed: 75

আরো পড়ুন