Ridge Bangla

ফিটনেসের জন্য কিয়ারা আদভানির খাদ্যতালিকা

বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি তার ফিটনেস রক্ষা ও ‘বিকিনি বডি’ বজায় রাখতে খাদ্যাভ্যাসে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছেন। হৃতিক রোশনের সঙ্গে ‘ওয়ার-২’ সিনেমায় প্রথমবার বিকিনি লুকে হাজির হওয়া কিয়ারার ফিটনেস রহস্য উন্মোচন করেছেন তার পুষ্টিবিদ নিকোল লিনহারেস কেডিয়া।

নিকোল পিংকভিলাকে জানান, কিয়ারার দুপুর ও রাতের খাবার এমনভাবে পরিকল্পিত, যা একই সঙ্গে পুষ্টিকর ও সুস্বাদু। তার খাদ্যতালিকায় থাকে গ্রিলড চিকেন বা হালকা মুরগির তরকারি, যা শরীরকে সরবরাহ করে প্রয়োজনীয় চর্বিহীন প্রোটিন। সঙ্গে থাকে অ্যাসপারাগাস ও ছোট আলুসহ ফাইবার ও ভিটামিনসমৃদ্ধ সবজি, যা তাকে সক্রিয় ও সুস্থ রাখে।

কিয়ারা প্রতিদিনের খাবারে প্রোটিনের পরিমাণ নিশ্চিত করেন, কারণ দীর্ঘ শুটিং ও শরীরচর্চার চাপ সামলাতে এই পুষ্টি অপরিহার্য। তিনি প্রক্রিয়াজাত খাবার ও অতিরিক্ত চর্বি এড়িয়ে টাটকা রান্না করা খাবার খেতে পছন্দ করেন। নিকোল জানান, কিয়ারার খাদ্যাভ্যাসে সবচেয়ে বড় পরিবর্তন ছিল ম্যাক্রোনিউট্রিশনের প্রতি মনোযোগ। প্রোটিনের পরিমাণ বাড়ানো ও ক্যালরি নিয়ন্ত্রণের মাধ্যমে তিনি স্বাস্থ্য বজায় রাখেন।

প্রতিদিন সকালে কিয়ারা প্রোটিন প্যানকেক খান, যা তৈরি হয় ওটস ফ্লাওয়ার, আখরোটের গুঁড়া ও প্রোটিন পাউডার দিয়ে। মিষ্টি হিসেবে তিনি ব্যবহার করেন প্রাকৃতিক মঙ্ক ফলের নির্যাস বা ম্যাপেল সিরাপ। উপরে বেরি ও ঘরে তৈরি হেজেলনাট বাটার ছড়িয়ে স্বাদ ও পুষ্টি বাড়ান।

ওয়ার্কআউটের পর কিয়ারা ফিটনেস শেকের বদলে পান করেন ঘরে তৈরি ডিটক্স ওয়াটার, যা ছাতু, জিরা গুঁড়া ও ধনিয়াপাতা দিয়ে প্রস্তুত। এই পানীয় শরীরকে শীতল ও সতেজ রাখে। সতর্ক ও পুষ্টিকর খাদ্যাভ্যাসের মাধ্যমে কিয়ারা বলিউডের তরুণ প্রজন্মের কাছে ফিটনেস ও সুস্থতার এক উদাহরণ হয়ে উঠেছেন।

This post was viewed: 29

আরো পড়ুন