Skip to main content

Ridge Bangla

ফলাফলের অপেক্ষায় উত্তেজনা, সিনেট ভবনে শিক্ষার্থীদের ভিড়

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ শেষে এখন ফলাফলের অপেক্ষায় শিক্ষার্থীরা। নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের ভেতরে অবস্থান নিয়েছেন বিভিন্ন প্যানেলের প্রার্থী ও তাদের সমর্থকরা। ভবনের বাইরে বিপুলসংখ্যক শিক্ষার্থী ভিড় করে ফলাফলের অপেক্ষায় আছেন।

ভিপি ও জিএস পদে কে বিজয়ী হবেন, তা নিয়ে শেষ মুহূর্তের হিসাব-নিকাশ চলছে শিক্ষার্থীদের মধ্যে। অনেকেই প্রিয় প্যানেলের জয়ে উচ্ছ্বসিত হয়ে স্লোগান দিচ্ছেন। চারপাশে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে, যদিও এর সঙ্গে উদ্বেগ ও উৎকণ্ঠাও মিশে আছে। খুব শিগগিরই উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের নাম ঘোষণা করবেন।

এর আগে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সারাদিন শিক্ষার্থীরা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দেন। তবে ভোট শেষে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত পাল্টাপাল্টি অভিযোগ তুলেছে বিভিন্ন সংগঠন। ছাত্রদল ও শিবিরের নেতারা নির্বাচনে কারচুপির অভিযোগ আনেন।

অন্যদিকে, টিএসসিতে সংবাদ সম্মেলন করে বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদের ভিপি প্রার্থী আবদুল কাদের প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তোলেন। তার দাবি, নির্বাচনে ভেতরে প্রশাসনিকভাবে প্রভাব খাটানো হয়েছে, বাইরে ছাত্রদলকে নিয়ন্ত্রণে রাখা হয়েছে। সব অভিযোগ ও গুজবের মধ্যেও শিক্ষার্থীরা চূড়ান্ত ফলাফলের ঘোষণার অপেক্ষায় রয়েছেন।

This post was viewed: 81

আরো পড়ুন