ফরিদপুর সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের গদাধরডাঙ্গী গ্রামে কোদাল দিয়ে কুপিয়ে মা-মেয়েসহ তিনজনকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। সোমবার রাত ৯টার দিকে একটি বাড়ির উঠানে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত আকাশ মোল্লা হঠাৎ করে পরিবারের সদস্য ও প্রতিবেশীদের ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই তার দাদি আমেনা বেগম (৭৫), ফুফু সালেহা বেগম (৫৫) এবং প্রতিবেশী কাবুল চৌধুরী (৪৯) নিহত হন। গুরুতর আহত হন রিয়াজ মোল্লা (৪৫), যাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
নিহত কাবুল চৌধুরী পেশায় রিকশাচালক ছিলেন এবং তিনি স্ত্রী ও তিন সন্তান রেখে গেছেন। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
পুলিশ জানায়, অভিযুক্ত আকাশ মোল্লা মানসিক ভারসাম্যহীন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার পরপরই তিনি পালিয়ে যান। ফরিদপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে এবং পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।