পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী দুরেফিশান সেলিম সম্প্রতি নিজের প্রেম ও বিয়ে নিয়ে স্পষ্ট দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, তিনি কারও সঙ্গে প্রেমের সম্পর্কে জড়াবেন না, বরং সরাসরি বিয়ে করবেন।
দুরেফিশান সেলিম তার অভিনয় জীবন শুরু করেন ‘দিল রুবা’ নাটকে পার্শ্বচরিত্রে অভিনয় করে। দক্ষ অভিনয় ও মাধুর্যের কারণে তিনি দ্রুত দর্শকদের মন জয় করতে সক্ষম হন। এরপর তিনি ‘ইশ্ক মুরশিদ’ নাটকে বিলাল আব্বাস খানের সঙ্গে ‘শিব্রা শাহমীর’ চরিত্রে অভিনয় করে বাংলাদেশেও খ্যাতি অর্জন করেন।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দুরেফিশান ও বিলাল আব্বাস খানের মধ্যে বিয়ে বা প্রেম সম্পর্কের গুঞ্জন শুরু হয়। এ সময় একটি পুরনো সাক্ষাৎকার ভাইরাল হয়, যেখানে তিনি স্পষ্টভাবে বলেন, “আমি কখনো কারও সঙ্গে প্রেমের সম্পর্কে জড়াবো না। প্রেম না করে সরাসরি বিয়ে করব।”
অভিনেত্রী নিজেও জানিয়েছেন, তার জন্য পারিবারিক ও সামাজিক মূল্যবোধ গুরুত্বপূর্ণ। তাই সম্পর্ককে তিনি সরলভাবে শুরু করতে চান।
দুরেফিশান সেলিম সর্বশেষ ‘সানওয়াল ইয়ার পিয়া’ নাটকে ফিরোজ খান ও আহমদ আলী আকবরের সঙ্গে অভিনয় করেছেন। এটি উক্ত অভিনেতাদের সঙ্গে তার প্রথম কাজ। তার অভিনয় দক্ষতা ও প্রফেশনালিজমের কারণে নাটকটি দর্শকদের মধ্যে প্রশংসিত হয়েছে।