Skip to main content

Ridge Bangla

প্রেক্ষাগৃহে মুক্তি পেল জয়ার ‘ফেরেশতে’

দীর্ঘ তিন বছরের অপেক্ষার পর শুক্রবার দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে জয়া আহসান অভিনীত সিনেমা ‘ফেরেশতে’। বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত এই সিনেমার পরিচালক ইরানি চলচ্চিত্রকার মুর্তজা অতাশ জমজম। সিনেমাটি মূলত সমাজের প্রান্তিক মানুষের জীবনের গল্প তুলে ধরে। এতে আছে সংগ্রাম, বঞ্চনা, টিকে থাকার লড়াই এবং মানবিকতার অদম্য শক্তি।

নির্মাতা সিনেমার শুটিং করেছেন বাস্তব লোকেশনে। সিনেমায় সাজসজ্জা বা আলো-ঝলমলের পরিবর্তে ফুটেছে নিখাদ বাস্তবতা। জয়া আহসান এখানে অভিনয় করেছেন এক সুবিধাবঞ্চিত নারীর চরিত্রে, যিনি প্রতিকূল পরিস্থিতির মাঝেও সাহস ও শক্তি নিয়ে লড়াই করেন।

জয়া আহসান বলেন, “ভালো লাগছে সিনেমাটি মুক্তি পেয়েছে। এটি অন্যরকম গল্পের সিনেমা। দেশের প্রান্তিক মানুষের ভেতরের অদম্য সাহসকে আমি পর্দায় ফুটিয়ে তুলতে চেয়েছি। শুটিংটি ছিল ভীষণ চ্যালেঞ্জিং, তবে পুরো টিমের সহযোগিতায় কাজটি সুন্দরভাবে শেষ করতে পেরেছি। আমি বিশ্বাস করি, দর্শকরা এটি উপভোগ করবেন।”

সিনেমায় জয়ার স্বামীর চরিত্রে অভিনয় করেছেন সুমন ফারুক। এছাড়া আছেন শহীদুজ্জামান সেলিম, শাহেদ আলী, রিকিতা নন্দিনী শিমু, শাহীন মৃধা ও শিশুশিল্পী সাথী। ২০২২ সালে নির্মাণ শেষে বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত ও প্রশংসিত হয়েছে ‘ফেরেশতে’। দেশের স্টার সিনেপ্লেক্স, লায়ন সিনেমাস, ব্লকবাস্টারসহ ছয়টি প্রেক্ষাগৃহে আজ থেকে দর্শকরা এটি দেখতে পারবেন। সিনেমাটি প্রান্তিক মানুষের জীবন ও সাহসের গল্প তুলে ধরে দর্শকদের হৃদয় স্পর্শ করবে।

This post was viewed: 358

আরো পড়ুন