Skip to main content

Ridge Bangla

প্রার্থিতা ফিরে পেলেন ডা. তাসনিম জারা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। রিটার্নিং কর্মকর্তার বাতিল আদেশের বিরুদ্ধে দায়ের করা আপিল গ্রহণ করে কমিশন তার প্রার্থিতা পুনর্বহালের সিদ্ধান্ত দেয়।

শনিবার (১০ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে অনুষ্ঠিত আপিল শুনানিতে ডা. তাসনিম জারার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। শুনানি শেষে নির্বাচন কমিশন জানায়, আপিলের পক্ষে উপস্থাপিত কাগজপত্র ও যুক্তি বিবেচনায় নিয়ে তার প্রার্থিতা বহাল রাখা হয়েছে।

এর আগে গত ৩ জানুয়ারি ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তা বিভিন্ন কারণ দেখিয়ে ডা. তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন। এ সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি সোমবার (৫ জানুয়ারি) নির্বাচন কমিশনে আপিল দায়ের করেন। আপিল আবেদনে তিনি মনোনয়ন বাতিলের সিদ্ধান্তকে আইনগতভাবে প্রশ্নবিদ্ধ উল্লেখ করে প্রার্থিতা ফিরে পাওয়ার আবেদন জানান।

নির্বাচন কমিশন সূত্র জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে সারা দেশে মোট ৬৪৫টি আপিল জমা পড়েছে। এসব আপিলের শুনানি চলছে নির্ধারিত সময়সূচি অনুযায়ী। আপিল নম্বর অনুসারে প্রতিদিন সকাল ১০টা থেকে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে শুনানি অনুষ্ঠিত হচ্ছে। শুনানি শেষে আপিলের ফলাফল নির্বাচন ভবনের মনিটরে প্রদর্শন করা হচ্ছে। পাশাপাশি সংশ্লিষ্ট প্রার্থীদের ই-মেইলে রায়ের পিডিএফ কপি পাঠানো হচ্ছে। নির্ধারিত তারিখ অনুযায়ী নির্বাচন ভবনের অভ্যর্থনা ডেস্ক থেকেও রায়ের অনুলিপি সংগ্রহ করা যাবে।

This post was viewed: 54

আরো পড়ুন