Ridge Bangla

প্রবীর মিত্রের নামে চালু হলো ওয়েবসাইট

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা প্রবীর মিত্রের স্মরণে একটি ওয়েবসাইট চালু করা হয়েছে। চলতি বছরের ৫ জানুয়ারি মারা গেছেন প্রবীর মিত্র, যিনি চার দশকের বেশি সময় ধরে অসংখ্য জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করেছেন। এই ওয়েবসাইটের মাধ্যমে নতুন প্রজন্মও তাঁর জীবন ও কর্মের সঙ্গে পরিচিত হতে পারবে।

‘অ্যাক্টর প্রবীর মিত্র’ নামের ওয়েবসাইটে রয়েছে তাঁর জন্ম, বেড়ে ওঠা, ক্যারিয়ারের নানা তথ্য এবং অদেখা স্থিরচিত্র। ওয়েবসাইটটি তৈরি করা হয়েছে যাতে সিনেমা ও সংস্কৃতি প্রেমীরা প্রবীর মিত্রের জীবন ও সৃষ্টিশীলতার নানা দিক জানতে পারেন।

সম্প্রতি বিএফডিসিতে আয়োজিত ‘স্মৃতির আয়নায় কিংবদন্তির দৃশ্য’ অনুষ্ঠানে এই উদ্যোগের কথা জানান অভিনেতার ছেলে মিথুন মিত্র। তিনি বলেন, “ইন্ডাস্ট্রি থেকে শুরু করে সাধারণ মানুষ এখনো আমার বাবাকে মনে রাখেন। সবার প্রতি আমি কৃতজ্ঞ। বাবাকে নিয়ে আমাদের অনেক পরিকল্পনা আছে। এরই অংশ হিসেবে ওয়েবসাইট চালু করা হয়েছে।”

১৯৪১ সালে জন্ম নেওয়া প্রবীর মিত্র স্কুলজীবন থেকেই নাটকের সঙ্গে যুক্ত ছিলেন। ঢাকাই চলচ্চিত্রে ১৯৭১ সালে ‘জলছবি’ সিনেমার মাধ্যমে অভিষেক ঘটে তাঁর। এরপর ‘তিতাস একটি নদীর নাম’, ‘জীবন তৃষ্ণা’, ‘সেয়ানা’, ‘ফরিয়াদ’, ‘রক্ত শপথ’, ‘চরিত্রহীন’, ‘জয় পরাজয়’, ‘অঙ্গার’, ‘মিন্টু আমার নাম’, ‘ফকির মজনু শাহ’, ‘মধুমিতা’, ‘অশান্ত ঢেউ’, ‘অলংকার’, ‘অনুরাগ’ প্রভৃতি বহু চলচ্চিত্রে তিনি অসামান্য ভূমিকা রেখেছেন। ওয়েবসাইটের মাধ্যমে তাঁর অবদান ও স্মৃতিচারণ ভবিষ্যত প্রজন্মের কাছে পৌঁছানোর সুযোগ তৈরি হবে।

This post was viewed: 70

আরো পড়ুন