Ridge Bangla

প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানাল বিএনপি

জাতির উদ্দেশে দেওয়া ভাষণে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন এবং নির্বাচনের দিন গণভোট আয়োজনের ঘোষণা আসায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ প্রতিক্রিয়া জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, প্রধান উপদেষ্টার ভাষণে নির্বাচনকালীন সময়সূচি পুনর্ব্যক্ত হওয়া এবং সংসদ নির্বাচনের দিন গণভোটের ঘোষণা আমাদের কাছে ইতিবাচক। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সভা প্রধান উপদেষ্টাকে এজন্য ধন্যবাদ জানাচ্ছে।

এদিন এর আগে চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠক শেষে মহাসচিব জানান, জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার ভাষণ রাজনৈতিক অচলাবস্থা নিরসন ও গণতান্ত্রিক ধারাবাহিকতা ফিরিয়ে আনার সম্ভাবনা তৈরি করেছে।

মির্জা ফখরুল বলেন, বিএনপি শান্তিপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ার পক্ষে। নির্বাচন ও গণভোটের ঘোষণা দেশের মানুষের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। আমরা আশা করি, ঘোষিত সময়সূচি অনুযায়ী একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি আরও বলেন, দল গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলনে অটল এবং জাতীয় সরকারের ধারণাকে সামনে রেখেই রাজনৈতিক কর্মকৌশল সাজানো হচ্ছে।

This post was viewed: 35

আরো পড়ুন