Skip to main content

Ridge Bangla

প্রথমবারের মতো ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো জাপান

জাপান প্রথমবারের মতো নিজেদের ভূখণ্ডে একটি ভূমি থেকে জাহাজে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, এই মহড়া বর্তমান নিরাপত্তা পরিস্থিতিতে সেনাদের প্রশিক্ষণের জন্য অত্যন্ত জরুরি ছিল। বার্তাসংস্থা এএফপি বুধবার (২৫ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

উত্তর জাপানের হোক্কাইডো দ্বীপে অবস্থিত শিজুনাই অ্যান্টি এয়ার ফায়ারিং রেঞ্জে টাইপ-৮৮ নামের স্বল্প-পাল্লার সারফেস-টু-শিপ ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়। জাপানের গ্রাউন্ড সেলফ ডিফেন্স ফোর্সের ১ম আর্টিলারি ব্রিগেড দ্বীপের দক্ষিণ উপকূল থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে অবস্থিত একটি চালকবিহীন নৌকাকে লক্ষ্য করে এই ক্ষেপণাস্ত্র ছোড়ে।

এর আগে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র পরীক্ষায় অংশ নিলেও, জাপান এবারই প্রথম নিজ দেশে সরাসরি এমন একটি পরীক্ষা চালাল। দেশটির সামরিক বাহিনী জানায়, রোববার আবারও একাধিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পরিকল্পনা রয়েছে তাদের। মূলত, চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবিলায় এবং নিজস্ব প্রতিরক্ষা শক্তি বাড়াতেই এই পদক্ষেপ নিয়েছে জাপান।

সরকারের মুখপাত্র ইয়োশিমাসা হায়াশি এক নিয়মিত সংবাদ সম্মেলনে বলেন, “দেশের অভ্যন্তরে এমন সরাসরি মহড়া সেনা প্রশিক্ষণের সুযোগ বাড়ায় এবং দ্বীপসহ অন্যান্য এলাকা রক্ষার সক্ষমতা আরও শক্তিশালী করে।”

জাপানি সংবাদমাধ্যম জানায়, সাম্প্রতিক সময় ইয়েনের মান দুর্বল হওয়ায় যুক্তরাষ্ট্রে প্রশিক্ষণের খরচ বেড়েছে, যা নিজ দেশে মহড়া চালানোর সিদ্ধান্তে প্রভাব ফেলেছে। বর্তমানে জাপান দীর্ঘমেয়াদি প্রতিরক্ষা পরিকল্পনার অংশ হিসেবে জিডিপির ২ শতাংশ পর্যন্ত প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর লক্ষ্যে কাজ করছে, যা ন্যাটোর মান অনুযায়ী। একই সঙ্গে দেশটি যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক সম্পর্ক আরও জোরদার করছে, বিশেষ করে চীনের সম্ভাব্য আগ্রাসন ঠেকাতে।

This post was viewed: 190

আরো পড়ুন