Skip to main content

Ridge Bangla

প্রথমবারের মতো এশিয়ান গেমসে বাংলাদেশের সার্ফাররা

যতই দিন যাচ্ছে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে যোগ হচ্ছে নতুন নতুন অধ্যায়। এবার প্রথমবারের মতো এশিয়ান গেমসে অংশগ্রহণের সুযোগ পেলো বাংলাদেশের সার্ফিং দল। ২০২৬ সালে জাপানের নায়োগা শহরে অনুষ্ঠিতব্য ২০তম এশিয়ান গেমসে সরাসরি অংশ নেবে লাল-সবুজের তরুণ সার্ফাররা। এই আনন্দঘন খবরটি দেশে ফিরে জানিয়েছে বাংলাদেশ সার্ফিং অ্যাসোসিয়েশন।

ভারতের তামিলনাড়ুর সমুদ্র সৈকতে ৩ থেকে ১২ আগস্ট অনুষ্ঠিত হয় এশিয়ান সার্ফিং চ্যাম্পিয়নশিপ। এতে অংশ নেয় ১৮টি দেশ। বাংলাদেশ থেকে অংশ নেয় ৫ জন সার্ফার: মোহাম্মদ মান্নান, হাসান, ইউনুচ, মাহিমা আক্তার মিলি ও ফাতেমা আকতার। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার শক্তিশালী দলগুলোকে টপকে বাংলাদেশ অর্জন করে সম্মানজনক ৯ম স্থান। এই সাফল্য থেকেই বাংলাদেশ পায় এশিয়ান গেমস ২০২৬-এ সার্ফিংয়ের অংশগ্রহণের স্বীকৃতি।

ভারতের তামিলনাড়ু থেকে দেশে ফিরেই বিশ্রাম না নিয়েই কক্সবাজার সমুদ্র সৈকতে কঠোর অনুশীলন শুরু করেছে লাল-সবুজের সার্ফাররা। কোচ রাশেদ আলমের তত্ত্বাবধানে প্রতিদিনই ঢেউয়ের সঙ্গে যুদ্ধ করছেন মান্নান-হাসানরা। লক্ষ্য একটাই—এশিয়ান গেমসে দেশের জন্য সম্মান বয়ে আনা।

এ বিষয়ে কোচ রাশেদ আলম বলেন, সার্ফাররা এবার চ্যাম্পিয়নশিপে ভালো করেছে বলেই এশিয়ান গেমসে জায়গা পেয়েছে। এটা বিশাল এক অর্জন। এখন থেকে কঠোর অনুশীলন শুরু হয়েছে। সার্ফারদের স্কিল বাড়াতে প্রতিনিয়ত কাজ চলছে।

মোহাম্মদ মান্নান, হাসান ও ইউনুচরা জানান, এশিয়ান সার্ফিং চ্যাম্পিয়নশিপ শেষ করেই তারা দেশে ফিরেছেন। ভারতে নিজেদের পারফরম্যান্সে খুশি তারা। এখন তাদের স্বপ্ন—এশিয়ান গেমসে ভালো কিছু করা এবং বাংলাদেশকে সার্ফিংয়ের মাধ্যমে বিশ্ববাসীর কাছে পরিচিত করা। সে লক্ষ্য নিয়েই কক্সবাজার সমুদ্র সৈকতে প্রস্তুতি নিচ্ছেন তারা।

উল্লেখ্য, ২০২৬ সালের ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর জাপানের নায়োগা শহরে অনুষ্ঠিত হবে ২০তম এশিয়ান গেমস। সেখানে প্রথমবারের মতো লাল-সবুজের সার্ফাররা দেশের প্রতিনিধিত্ব করবেন। জাতীয় পর্যায়ে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে এই অর্জন। তরুণ সার্ফারদের এই সাফল্য হয়তো একদিন সার্ফিংকেও বাংলাদেশের মূলধারার খেলায় পরিণত করবে।

This post was viewed: 77

আরো পড়ুন