Skip to main content

Ridge Bangla

প্রতিমা বিসর্জনে গিয়ে নদীতে ডুবে নিখোঁজ ৩ শিশু

গাজীপুর ও নওগাঁয় প্রতিমা বিসর্জনের সময় নদীতে ডুবে তিন শিশু নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেলে পৃথক দুটি ঘটনায় এই দুর্ঘটনা ঘটে।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চাপাইর ব্রিজ সংলগ্ন তুরাগ নদীতে নৌকা ডুবির ঘটনায় দুই শিশু নিখোঁজ হয়েছে। তারা হলো— হিজলতলী এলাকার স্বপনের মেয়ে অঙ্কিতা বিশ্বাস এবং তাপশের ছেলে তন্ময় মনি দাশ (৭)। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে পাঁচটার দিকে অঙ্কিতা ও তন্ময় পরিবারসহ ছোট একটি ইঞ্জিনচালিত ডিঙ্গি নৌকায় চড়ে প্রতিমা বিসর্জন দেখতে যায়।

নদীতে পৌঁছালে আরেকটি বড় ইঞ্জিনচালিত নৌকার সঙ্গে ধাক্কা লাগে। মুহূর্তেই ছোট নৌকাটি উল্টে যায়। নৌকার যাত্রীদের অনেকেই সাঁতরে তীরে উঠলেও অঙ্কিতা ও তন্ময় পানিতে ডুবে যায়। স্থানীয়রা উদ্ধার চেষ্টা চালালেও ব্যর্থ হন। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইফতেখার হোসেন রায়হান চৌধুরী জানান, দুই শিশু নিখোঁজ রয়েছে এবং শুক্রবার সকালে ডুবুরি দল আনুষ্ঠানিকভাবে উদ্ধার অভিযান চালাবে।

অন্যদিকে, নওগাঁর মহাদেবপুর উপজেলার আত্রাই নদীর ঢালাই ব্রিজ এলাকায় প্রতিমা বিসর্জনের সময় আরও এক শিশু নিখোঁজ হয়। ফায়ার সার্ভিস জানায়, ওই এলাকায় বিভিন্ন মন্দির থেকে অন্তত ৫০টির বেশি নৌকা নিয়ে প্রতিমা বিসর্জন চলছিল। সন্ধ্যার কিছু আগে প্রতিমাবাহী একটি নৌকা থেকে শিশুটি নদীতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। মহাদেবপুরে ডুবুরি দল না থাকায় রাজশাহী থেকে বিশেষ একটি উদ্ধারকারী দল ডাকা হয়েছে। স্থানীয় ফায়ার সার্ভিস সদস্যরা উদ্ধারকাজ শুরু করেছেন।

This post was viewed: 74

আরো পড়ুন