Ridge Bangla

প্রকৌশলীকে মারধরের ঘটনায় চট্টগ্রামে গ্রেফতার ১

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সড়কের নির্মাণকাজের মান নিয়ে প্রশ্ন তোলায় উপসহকারী প্রকৌশলীকে মারধরের ঘটনায় মামলার এজাহারভুক্ত দ্বিতীয় আসামি মো. বিল্লাল হোসেনকে (৫৫) গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। রোববার (১৯ এপ্রিল) রাতে চট্টগ্রাম নগরের কাজীর দেউড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এর আগে, গত ১৩ এপ্রিল নবীনগর উপজেলার মেরকুটা জিসি থেকে শিবপুর আঞ্চলিক সড়কের নির্মাণকাজ পরিদর্শনে যান উপসহকারী প্রকৌশলী মির্জা মো. তারিকুল ইসলাম ও তার সঙ্গীরা। সরেজমিন পরিদর্শনের সময় কাজ নিম্নমানের হওয়ায় তারা দায়িত্বরত ঠিকাদারের কাছে জবাবদিহি চান। এতে ক্ষিপ্ত হয়ে ঠিকাদার মো. লোকমান হোসেন ও তার সহযোগীরা সরকারি কর্মকর্তাদের ওপর লাঠিসোঁটা ও ইট নিয়ে হামলা চালান। হামলার সেই দৃশ্য পরবর্তীতে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে।

হামলার ঘটনায় সরকারি কাজে বাধা ও মারধরের অভিযোগে নবীনগর থানায় একটি মামলা দায়ের করেন ভুক্তভোগী প্রকৌশলী। ঘটনার পর থেকেই অভিযুক্ত বিল্লাল হোসেন আত্মগোপনে ছিলেন। র‍্যাব-৭-এর সহকারী পুলিশ সুপার ও মিডিয়া অফিসার এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, গোপন তথ্যের ভিত্তিতে চট্টগ্রামের কোতোয়ালি থানার নুর আহমদ সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

যৌথ এ অভিযানে র‍্যাব-৭ ও র‍্যাব-৯ এর সদস্যরা অংশগ্রহণ করেন।

This post was viewed: 3

আরো পড়ুন