ব্রিটিশবিরোধী স্বদেশী আন্দোলনের অন্যতম বিপ্লবী উল্লাস কর দত্তকে নিয়ে গবেষণাধর্মী বই প্রকাশিত হয়েছে। লেখক ও গবেষক সঞ্জীব কুমার দেবনাথ প্রণীত বইটির নাম ‘অগ্নিযুগের বিপ্লবী উল্লাস কর দত্ত’।
সম্প্রতি ঢাকা ও কলকাতা থেকে বইটি প্রকাশিত হয়। বইটির প্রকাশনা উপলক্ষে ঈদের পরদিন ব্রাহ্মণবাড়িয়ার সরাইল প্রেসক্লাবে মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করে উল্লাস কর দত্ত স্মৃতি পরিষদ। অনুষ্ঠানে স্থানীয় লেখক, গবেষক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সুধীজন উপস্থিত ছিলেন।
উল্লাস কর দত্ত গত শতকের প্রথম তিন দশকে ব্রিটিশবিরোধী স্বদেশী আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ নেতা ও বিপ্লবী হিসেবে পরিচিত। ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলে জন্ম নেওয়া এই বিপ্লবী প্রেসিডেন্সি কলেজের ছাত্র ছিলেন। ব্রিটিশবিরোধী কর্মকাণ্ডের কারণে একসময় তিনি গ্রেপ্তার হন এবং আন্দামান দ্বীপে কারাভোগ করেন। তার বিরুদ্ধে ফাঁসির রায়ও হয়েছিল। পরে অসুস্থতার কারণে তিনি মুক্তি পান।
বইটির লেখক সঞ্জীব কুমার দেবনাথও সরাইলের সন্তান। দীর্ঘদিন ধরে বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ, যাচাই-বাছাই ও বিশ্লেষণের মাধ্যমে তিনি গ্রন্থটি রচনা করেছেন। বইটিতে বিপ্লবী উল্লাস কর দত্তের জীবন, সংগ্রাম, রাজনৈতিক চেতনা ও ব্রিটিশবিরোধী আন্দোলনে তার ভূমিকা তুলে ধরা হয়েছে।