Skip to main content

Ridge Bangla

পৌনে সাত লাখ প্রবাসী ভোটারের কাছে পাঠানো হলো পোস্টাল ব্যালট

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশগ্রহণের জন্য বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত মোট ৬ লাখ ৭৭ হাজার ২৩৩ জন প্রবাসী ভোটারের কাছে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে। নির্বাচন কমিশনের উদ্যোগে প্রথমবারের মতো প্রবাসী ভোটারদের জন্য চালু করা পোস্টাল ভোটিং ব্যবস্থার আওতায় এই ব্যালট পাঠানো হচ্ছে।

প্রবাসী ভোটার নিবন্ধন সংক্রান্ত আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি-এসডিআই) প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, নির্ধারিত সময়ের মধ্যেই ব্যালট পৌঁছে দিতে সংশ্লিষ্ট দপ্তরগুলো কাজ করে যাচ্ছে।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৩ জন ভোটার নিবন্ধন করেছেন। এর মধ্যে দেশের ভেতরে ‘ইন-কান্ট্রি পোস্টাল ভোট’ ক্যাটাগরিতে নিবন্ধন করেছেন ৭ লাখ ৬১ হাজার ১৪১ জন এবং দেশের বাইরে অবস্থানরত প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন ৭ লাখ ৭২ হাজার ৫৪২ জন।

সালীম আহমাদ খান জানান, আগামী ১০ জানুয়ারির মধ্যে প্রবাসী ভোটারদের কাছে ব্যালট পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তিনি ব্যালটের গোপনীয়তা রক্ষার ওপর গুরুত্বারোপ করে বলেন, কেউ গোপনীয়তা লঙ্ঘন করলে তার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লক করার মতো কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে।

এদিকে নির্বাচন কমিশন সূত্র জানায়, গত ৬ জানুয়ারি সন্ধ্যা পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে ৪১ হাজার ৪৬৪ জন প্রবাসী ভোটারের কাছে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে। এর মধ্যে সিঙ্গাপুরে সর্বাধিক ১৭ হাজার ৭৫৯ জন এবং সৌদি আরবে প্রায় ১২ হাজার প্রবাসী ভোটারের কাছে ব্যালট পৌঁছেছে।

This post was viewed: 62

আরো পড়ুন