আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে নিবন্ধনকারীর সংখ্যা ১১ লাখ ছাড়িয়েছে। ভোটারদের অনুরোধের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন (ইসি) পোস্টাল ভোটের নিবন্ধনের সময়সীমা বাড়িয়ে আগামী ৫ জানুয়ারি পর্যন্ত নির্ধারণ করেছে।
বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ১২টা পর্যন্ত ইসির ওয়েবসাইটে প্রকাশিত তথ্যে জানা যায়, এ পর্যন্ত মোট ১১ লাখ ২৫ হাজার ২৬৩ জন ভোটার পোস্টাল ভোটে নিবন্ধন সম্পন্ন করেছেন। এর মধ্যে পুরুষ ভোটার ৯ লাখ ৮০ হাজার ৪২৪ জন এবং নারী ভোটার ১ লাখ ৪৪ হাজার ৮৩৭ জন।
ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, পূর্বনির্ধারিত সময় অনুযায়ী ৩১ ডিসেম্বর নিবন্ধন শেষ হওয়ার কথা থাকলেও প্রবাসী ও দেশের অভ্যন্তরের ভোটারদের ব্যাপক আগ্রহ ও অনুরোধে সময় আরও পাঁচ দিন বাড়ানো হয়েছে। ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে প্রবাসী বাংলাদেশি, নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, নিজ এলাকা থেকে দূরে কর্মরত সরকারি চাকরিজীবী এবং কারাগারে থাকা ভোটাররা এই সুবিধা নিতে পারছেন।
প্রবাসী ভোটারদের মধ্যে সবচেয়ে বেশি নিবন্ধন হয়েছে সৌদি আরব থেকে ১ লাখ ৯৭ হাজার ১২ জন। এরপর কাতার (৬৮ হাজার ৬৬৮), মালয়েশিয়া (৬৩ হাজার ৮৩), ওমান (৫০ হাজার ৩৯) এবং সংযুক্ত আরব আমিরাত (৩১ হাজার ৫৫৫) শীর্ষে রয়েছে। ১৮ নভেম্বর চালু হওয়া অ্যাপটির মাধ্যমে বিশ্বের ১৪৮টি দেশের প্রবাসীরা নিবন্ধনের সুযোগ পাচ্ছেন।