Skip to main content

Ridge Bangla

পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনা, জয় ও পুতুলের পৃথক সাজা

রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দুদকের দায়ের করা ৬টি পৃথক মামলার তিনটিতে শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ মোট ২৩ ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছে ঢাকার পাঁচ নম্বর বিশেষ জজ আদালত।

আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে বিচারক মো. আব্দুল্লাহ আল মামুন এ রায় ঘোষণা করেন। তিন মামলায় প্রতিটিতে শেখ হাসিনা ৭ বছর করে মোট ২১ বছর কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন।

একটি মামলায় সজীব ওয়াজেদ জয়ের ৫ বছরের কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অন্য মামলায় সায়মা ওয়াজেদ পুতুলকে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মামলা তিনটিতে মোট ৪৭ জনের নাম থাকলেও ব্যক্তি হিসাবে আসামি ২৩ জন। তাদের মধ্যে সাবেক প্রতিমন্ত্রী, রাজউকের সাবেক চেয়ারম্যান, বিভিন্ন সরকারি কর্মকর্তাসহ বেশ কয়েকজনকে সাজা দেওয়া হয়েছে।

মামলাগুলোতে একমাত্র খালাস পাওয়া ব্যক্তি হলেন প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলাম সরকার। তিনি তিন মামলাতেই বেকসুর খালাস পেয়েছেন।

এ ছাড়া গ্রেপ্তার থাকা একমাত্র আসামি মোহাম্মদ খুরশীদ আলমকে তিন মামলায় মোট ৩ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে।

উল্লেখ্য, দুদক চলতি বছরের জানুয়ারিতে পূর্বাচলে প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে ছয়টি মামলা দায়ের করে। গত জুলাইয়ে অভিযোগ গঠনের পর ১৭ নভেম্বর সাক্ষ্যগ্রহণ শেষ হয়। ২৩ নভেম্বর যুক্তিতর্ক শেষে রায়ের দিন নির্ধারণ করে আদালত। এর মধ্যে আজ তিনটির রায় ঘোষণা হলো।

This post was viewed: 71

আরো পড়ুন