Skip to main content

Ridge Bangla

পূর্ণ প্রতিশোধ না নেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি নয়: ইরান

ইরান-ইসরায়েল চলমান সংঘাত ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে। এই উত্তপ্ত পরিস্থিতিতে মধ্যস্থতার চেষ্টায় এগিয়ে এলেও কাতার ও ওমানকে স্পষ্ট জানিয়ে দিয়েছে ইরান—ইসরায়েলের প্রথম হামলার পূর্ণ প্রতিশোধ না নেওয়া পর্যন্ত কোনো যুদ্ধবিরতির প্রশ্নই আসে না।

রয়টার্সের এক বিশেষ প্রতিবেদনে সোমবার (১৬ জুন) মধ্যরাতে জানানো হয়, তেহরান মধ্যস্থতাকারী দেশগুলোকে জানিয়ে দিয়েছে, ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির বিষয়ে কোনো আলোচনায় বসবে না তারা। নাম প্রকাশে অনিচ্ছুক এক ইরানি কর্মকর্তা বলেন, “ইসরায়েল যে বর্বরোচিত হামলা চালিয়েছে, তার জবাব না দেওয়া পর্যন্ত আমাদের অবস্থান অপরিবর্তিত থাকবে।”

এর আগে ইসরায়েলি গণমাধ্যমে দাবি করা হয়, ইরান মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুদ্ধবিরতির আগ্রহ দেখিয়েছে। তবে ইরানি কর্মকর্তারা একে “সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর” বলে প্রত্যাখ্যান করেছেন।

উল্লেখ্য, গত ১৩ জুন ভোরে ইসরায়েল একযোগে ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক ও পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায়। এতে ইরানের সেনাপ্রধান মোহাম্মদ বাঘেরি, আইআরজিসির প্রধান জেনারেল হোসাইন সালামিসহ অন্তত ২০ জন শীর্ষ সামরিক কর্মকর্তা নিহত হন। এরপর রোববার (১৫ জুন) আরও তিনজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাকে টার্গেট করে হত্যা করে ইসরায়েল।

সর্বশেষ হিসাব অনুযায়ী, ইসরায়েলি হামলায় ইরানে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২৪ জন এবং আহত হয়েছেন অন্তত ১,২৭৭ জন।
পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না এলে এ সংঘাত বিস্তৃত হয়ে আন্তর্জাতিক পরিসরে ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

This post was viewed: 55

আরো পড়ুন