বাংলাদেশ পুলিশে সার্জেন্ট পদে দীর্ঘদিন ধরে থাকা ১৮০টি শূন্য পদে শিগগিরই নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বার্তায় এ তথ্য জানানো হয়।
বার্তায় বলা হয়, পুলিশ বাহিনীর কার্যক্রম আরও গতিশীল ও জনবান্ধব করতে প্রয়োজনীয় জনবল কাঠামো পূরণে সরকার দ্রুত পদক্ষেপ নিচ্ছে। এর অংশ হিসেবেই সার্জেন্ট পদে শূন্য থাকা ১৮০টি পদে নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা হবে। নিয়োগের ক্ষেত্রে প্রচলিত বিধি-বিধান ও স্বচ্ছতা নিশ্চিত করা হবে বলেও জানানো হয়েছে।
এর আগে গত সোমবার (২৩ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন, বাংলাদেশ পুলিশে ২ হাজার ৭০১ জন কনস্টেবল নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে। ওই নিয়োগ প্রক্রিয়াও দ্রুত শুরু হবে বলে তিনি উল্লেখ করেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও জোরদার করা এবং মাঠপর্যায়ে পুলিশের সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে এসব উদ্যোগ নেওয়া হয়েছে।