‘আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ’- এ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ রোববার থেকে শুরু হচ্ছে চারদিনব্যাপী পুলিশ সপ্তাহ ২০২৬। এবারের আয়োজনের বিশেষ আকর্ষণ হিসেবে প্রথমবারের মতো পুলিশ সপ্তাহের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তবে আয়োজনের শুরুতেই এসেছে বড় পরিবর্তন। কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে দেওয়া ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)’ ও ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)’ প্রদান আপাতত স্থগিত করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, পদকের জন্য মনোনীত তালিকায় বিতর্কিত কয়েকজন কর্মকর্তার নাম উঠে আসায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, এবার বিভিন্ন ক্যাটাগরিতে মোট ১০৯ জন কর্মকর্তা ও সদস্যকে পদকের জন্য মনোনীত করা হয়েছিল। তবে তালিকা নিয়ে আলোচনা-সমালোচনার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি পুনঃযাচাইয়ের সিদ্ধান্ত নেয়। পরে সংশোধিত তালিকা প্রকাশ করা হতে পারে।
সরকারের ব্যয়সংকোচন নীতির কারণে এবার সাত দিনের পরিবর্তে চার দিনব্যাপী সীমিত পরিসরে আয়োজন করা হচ্ছে পুলিশ সপ্তাহ। কমানো হয়েছে অনুষ্ঠান ও অতিথির সংখ্যাও।
এবারের কর্মসূচির মধ্যে রয়েছে কল্যাণ প্যারেড, আইজিপি ব্যাজ ও শিল্ড প্যারেড, পুনাক স্টল পরিদর্শন, অস্ত্র ও মাদক উদ্ধারে বিশেষ অবদানের স্বীকৃতি প্রদান এবং বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে মতবিনিময় সভা।
পুলিশ সপ্তাহ উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশ মহাপরিদর্শক পৃথক বাণী দিয়েছেন। আগামী ১৩ মে এ আয়োজন শেষ হবে।