দেশের আইনশৃঙ্খলা রক্ষা জোরদারে বাংলাদেশ পুলিশে নতুন করে ১৪ হাজার ৫০০ পদ সৃষ্টি করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। মঙ্গলবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, নতুন পদগুলোর মধ্যে সহকারী পুলিশ সুপার (এএসপি) ৫০০, উপপরিদর্শক (এসআই-নিরস্ত্র) ৪ হাজার এবং কনস্টেবল ১০ হাজার জনবল নিয়োগ দেওয়া হবে। বর্তমানে পুলিশে মোট ২ লাখ ১৮ হাজার ৫৫৪টি পদ রয়েছে, যার মধ্যে পুলিশ, নন-পুলিশ এবং আউটসোর্সিং পদ অন্তর্ভুক্ত।
তিনি আরও জানান, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর ২ হাজার ৭০৩টি শূন্য কনস্টেবল পদে নিয়োগ কার্যক্রম শুরু হয়েছে। পাশাপাশি সরাসরি ২ হাজার এএসআই নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে।
অপর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে হত্যা ও ধর্ষণসহ গুরুতর অপরাধ মোকাবিলায় সরকার কঠোর অবস্থানে রয়েছে। বর্তমানে এসব মামলার তদন্ত জোরদার করা হয়েছে এবং দ্রুত অভিযোগপত্র দাখিলের প্রক্রিয়া চলমান রয়েছে।