Ridge Bangla

পুলিশের ৫ অতিরিক্ত আইজিপি বাধ্যতামূলক অবসরে

বাংলাদেশ পুলিশের পাঁচজন অতিরিক্ত মহাপরিদর্শককে (অতিরিক্ত আইজিপি) বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। সোমবার (৯ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা পৃথক পাঁচটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত প্রজ্ঞাপনগুলোতে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন)-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হয়েছে।

বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তারা হলেন অতিরিক্ত আইজি আবু হাসান মুহম্মদ তারিক, অতিরিক্ত আইজি মোহা. আবদুল আলীম মাহমুদ, অতিরিক্ত আইজি মো. মাসুদুর রহমান ভূঞা, অতিরিক্ত আইজি (নৌ) কুসুম দেওয়ান এবং অতিরিক্ত আইজি মো. তওফিক মাহবুব চৌধুরী।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বিধি অনুযায়ী তারা অবসরজনিত সকল সুবিধা প্রাপ্য হবেন। একই সঙ্গে জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রশাসনিক পুনর্বিন্যাস ও সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

This post was viewed: 24

আরো পড়ুন