Ridge Bangla

পুলিশের বিশৃঙ্খলা অনেকাংশে নিয়ন্ত্রণে এসেছে: আইজিপি

পুলিশ বাহিনীর ভেতরে বিগত সময়ে যে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছিল, তা অনেকটাই গুছিয়ে আনা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক আলী হোসেন ফকির। তিনি বলেন, বর্তমানে বাহিনীতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ধারাবাহিকভাবে কাজ চলছে।

শুক্রবার (৮ মে) রাজধানীর খিলক্ষেতে একটি পুলিশ ফাঁড়ি ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন, ২০২০ ও ২০২১ সালে মহামারি এবং পরবর্তী সময়ে রাজনৈতিক অস্থিরতার কারণে পুলিশ সপ্তাহ যথাযথভাবে আয়োজন করা সম্ভব হয়নি। তবে বর্তমান সময়ে নতুন করে পুলিশ সপ্তাহ আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে, যা বাহিনীকে আরও সুসংগঠিত করবে।

তিনি আরও বলেন, পুলিশকে জনবান্ধব ও আধুনিক বাহিনী হিসেবে গড়ে তুলতে কাজ চলছে। নতুন প্রজন্ম যে ধরনের পুলিশ চায়, সেই লক্ষ্য অর্জনে সবার সহযোগিতা প্রয়োজন।

আলী হোসেন ফকির জানান, বাহিনীর পোশাকে কিছু পরিবর্তন আনা হয়েছে এবং প্রশাসনিক জটিলতা অনেকাংশে কমেছে। বর্তমানে সরকারের অগ্রাধিকার হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন।

তিনি বলেন, পুলিশের জনবল ও আবাসন সংকট রয়েছে। বর্তমানে ২ লাখ ২০ হাজার সদস্যের বিপরীতে আবাসন সুবিধা রয়েছে মাত্র ১ লাখ ৫ হাজার জনের জন্য। এ ঘাটতি পূরণে সরকার কাজ করছে বলে তিনি আশা প্রকাশ করেন।

This post was viewed: 4

আরো পড়ুন