Ridge Bangla

পুলিশের এডিসিকে মারধর, হাতিরঝিলে গ্রেফতার ৫

রাজধানীর হাতিরঝিল এলাকায় এক গাড়ির সঙ্গে অন্য এক গাড়ির সামান্য ‘ঘষা’ লাগাকে কেন্দ্র করে হওয়া বাকবিতণ্ডার জেরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) শারীরিক হামলার শিকার হয়েছেন। এ ঘটনায় পুলিশ পাঁচজনকে আটক করেছে।

পুলিশ জানায়, গত বুধবার (৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে দায়িত্ব শেষ করে ব্যক্তিগত গাড়িতে করে বাসায় ফিরছিলেন ডিএমপির ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগে কর্মরত এডিসি মাহফুজ্জামান সরকার। হাতিরঝিল প্রকল্পের একটি সেতুর ওপর যাওয়ার সময় পাশের আরেকটি গাড়ির সঙ্গে তার গাড়ির হালকা ধাক্কা লাগে।

এ সময় অপর গাড়িতে থাকা লোকজন মাহফুজ্জামানের গাড়ির পথরোধ করে তর্ক শুরু করে এবং কিছু সময় পর আরও কয়েকজন সেখানে এসে তার ওপর হামলা চালায় বলে পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে। হামলায় এডিসি মাহফুজ্জামান গুরুতর আহত হন। তাকে দ্রুত একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

ডিএমপি সূত্র জানায়, আহত কর্মকর্তার শরীরে একাধিক আঘাত রয়েছে। তাকে প্রায় ১৭টি সেলাই দিতে হয়েছে। তিনি বর্তমানে চিকিৎসাধীন।

ঘটনার পর হাতিরঝিল থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার পরিপ্রেক্ষিতে মোরশেদ আলম, মো. বিল্লাল হোসেন, মোহাম্মদ আলমগীর হোসেন, স্বপন সরকার ও সিফাত ইউনুস লেলিন নামে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ডিএমপির দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, হামলাকারীদের কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়নি। তবে ঘটনার সময় তারা মাদকাসক্ত অবস্থায় থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। পুরো ঘটনা খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

This post was viewed: 15

আরো পড়ুন