Skip to main content

Ridge Bangla

পুনরায় জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নতুন ‘আমির’ হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন ডা. শফিকুর রহমান। ২০২৬-২০২৮ কার্যকালের জন্য তাকে নতুন আমির হিসেবে ঘোষণা করা হয়েছে। রোববার (২ নভেম্বর) দলটির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলটির অভ্যন্তরীণ নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন প্রধান নির্বাচন কমিশনার সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মা’ছুম। তিনি শনিবার রাতে আনুষ্ঠানিকভাবে আমির নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। সংবাদে উল্লেখ করা হয়েছে, নির্বাচন প্রক্রিয়া ৯ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত চলেছে। সারা দেশের সদস্য রুকনদের কাছ থেকে গোপন ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ করা হয়েছে। ভোটগ্রহণ শেষে দায়িত্বপ্রাপ্ত টিম ফল গণনা শেষ করে প্রধান নির্বাচন কমিশনারকে হস্তান্তর করেন।

প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে সর্বোচ্চ ভোট পেয়ে ডা. শফিকুর রহমান আগামী দুই বছরের জন্য জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃত্বে আসীন হয়েছেন। সংগঠনের অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে, এই নির্বাচন শান্তিপূর্ণ ও স্বচ্ছভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচনের মাধ্যমে দলের শৃঙ্খলা ও নেতৃত্ব পুনর্নিশ্চিত করা হয়েছে।

ডা. শফিকুর রহমানের পুনঃনির্বাচনকে কেন্দ্র করে দলের অভ্যন্তরে এক ধরনের উৎসাহ ও সক্রিয়তার সৃষ্টি হয়েছে। আগামীদিনে তিনি দলের কৌশলগত ও রাজনৈতিক নেতৃত্বের পাশাপাশি সাংগঠনিক কার্যক্রমও তদারকি করবেন। এই পুনর্নির্বাচনের ফলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর অভ্যন্তরীণ নেতৃত্ব স্থিতিশীল রাখতে এবং দলকে আগামী রাজনৈতিক চ্যালেঞ্জের জন্য প্রস্তুত রাখতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

This post was viewed: 73

আরো পড়ুন