Skip to main content

Ridge Bangla

পি কে হালদারসহ ১৮ জনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন

আর্থিক খাতে আলোচিত কেলেঙ্কারির নায়ক প্রশান্ত কুমার (পি কে) হালদারসহ ১৮ জনের বিরুদ্ধে নতুন করে একটি চার্জশিট অনুমোদন করেছে দুদক। ‘দিয়া শিপিং লিমিটেড’ নামক একটি কাগুজে প্রতিষ্ঠানের নামে এফএএস ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড থেকে প্রায় ৪৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।

গতকাল সোমবার (২৯ ডিসেম্বর) দুদকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সভায় এই চার্জশিট দাখিলের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছে দুদকের জনসংযোগ বিভাগ।

দুদকের তদন্ত প্রতিবেদন অনুযায়ী, আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার, জালিয়াতি এবং ভুয়া কাগজপত্র তৈরি করে ‘দিয়া শিপিং লিমিটেড’ নামে একটি অস্তিত্বহীন প্রতিষ্ঠানের অনুকূলে ঋণের ব্যবস্থা করেন। পরবর্তীতে এফএএস ফিন্যান্স থেকে উত্তোলিত ৪৪ কোটি টাকা কোনো ব্যবসায়িক কাজে ব্যবহার না করে আত্মসাৎ করা হয়। ২০২২ সালের ১৯ মে দুদকের সহকারী পরিচালক রাকিবুল হায়াত বাদী হয়ে এই মামলাটি দায়ের করেছিলেন।

চার্জশিটে মূল অভিযুক্ত হিসেবে রয়েছেন এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক পি কে হালদার। এছাড়া অন্যান্য অভিযুক্তদের মধ্যে রয়েছেন দিয়া শিপিংয়ের সাবেক এমডি শিব প্রসাদ ব্যানার্জি, পরিচালক পাপিয়া ব্যানার্জি এবং এফএএস ফিন্যান্সের সাবেক চেয়ারম্যান এম এ হাফিজ। তালিকায় আরও রয়েছেন প্রতিষ্ঠানটির সাবেক এমডি রাসেল শাহরিয়ার। তদন্তের পর্যায়ে নতুন করে আরও ছয়জনের সম্পৃক্ততা পাওয়ায় তাদের নামও চার্জশিটে অন্তর্ভুক্ত করা হয়েছে।

হাজার হাজার কোটি টাকা পাচারের দায়ে অভিযুক্ত পি কে হালদার বর্তমানে ভারতে রয়েছেন। বাংলাদেশ সরকার তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে।

This post was viewed: 44

আরো পড়ুন