Ridge Bangla

পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পরিদর্শন করলেন সেনাপ্রধান

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটিতে সেনা ক্যাম্প পরিদর্শন করেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। রোববার (২২ মার্চ) তিনি দুর্গম ওই অঞ্চলে অবস্থিত বিভিন্ন সেনা ক্যাম্পে যান।

পরিদর্শনকালে সেনাপ্রধান ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং সেখানে দায়িত্ব পালনরত সেনা সদস্যদের সঙ্গে কুশলাদি আদান-প্রদান করেন। তিনি দেশের শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা রক্ষায় সেনাবাহিনীর সদস্যদের পেশাদারিত্ব, নিষ্ঠা ও নিরলস প্রচেষ্টার প্রশংসা করেন।

সেনাপ্রধান এ সময় উপস্থিত সেনা সদস্যদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন এবং ভবিষ্যতেও একই মনোযোগ ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন অব্যাহত রাখার আহ্বান জানান। তিনি বলেন, পার্বত্য অঞ্চলের মতো দুর্গম এলাকায় কাজ করা অত্যন্ত চ্যালেঞ্জিং হলেও দেশমাতৃকার সেবায় সেনাবাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সফরকালে বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল, ২৪ পদাতিক ডিভিশনের জিওসি ও চট্টগ্রাম এরিয়া কমান্ডারসহ সেনাসদর এবং সংশ্লিষ্ট ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় পার্বত্য অঞ্চলে কর্মরত বিভিন্ন পর্যায়ের সেনা সদস্যরাও অংশ নেন।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, দুর্গম পার্বত্য অঞ্চলে শান্তি-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সদস্যরা নিয়মিতভাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন এবং স্থানীয় জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করছেন।

This post was viewed: 23

আরো পড়ুন