Skip to main content

Ridge Bangla

পাকিস্তান থেকে জেএফ-১৭ যুদ্ধবিমান কিনতে আগ্রহী বাংলাদেশ

বাংলাদেশ বিমানবাহিনীর সক্ষমতা আধুনিকায়নের অংশ হিসেবে পাকিস্তান থেকে অত্যাধুনিক জেএফ-১৭ ‘থান্ডার’ যুদ্ধবিমান কেনার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ। এ লক্ষ্যে ইসলামাবাদে পাকিস্তান বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল জহির আহমেদ বাবার সিদ্দিকীর সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।

মঙ্গলবার (৬ জানুয়ারি) অনুষ্ঠিত এই উচ্চপর্যায়ের বৈঠকে যুদ্ধবিমান ক্রয়ের পাশাপাশি প্রশিক্ষণ, প্রযুক্তি স্থানান্তর, পুরনো বহরের রক্ষণাবেক্ষণ, আকাশ নজরদারি ও রাডার ব্যবস্থার উন্নয়নসহ সামগ্রিক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের বিষয়েও আলোচনা হয়। বৈঠকের ছবি ও তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রকাশ করেছে।

পাকিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য ডন জানিয়েছে, জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান সম্ভাব্য ক্রয় নিয়ে দুই দেশের বিমানবাহিনীর প্রধানদের মধ্যে বিস্তারিত মতবিনিময় হয়েছে। পাকিস্তান সেনাবাহিনীর জনসংযোগ শাখা আইএসপিআর এক বিবৃতিতে জানায়, চীন ও পাকিস্তানের যৌথ উদ্যোগে তৈরি এই মাল্টি-রোল ফাইটার জেট ২০১৯ ও ২০২৫ সালে আঞ্চলিক সংঘাতে কার্যকারিতা প্রমাণ করেছে।

আইএসপিআরের বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশ বিমানবাহিনীর প্রধানের নেতৃত্বে একটি প্রতিরক্ষা প্রতিনিধি দল বর্তমানে পাকিস্তান সফর করছে। সফরকালে অপারেশনাল সহযোগিতা, যৌথ প্রশিক্ষণ, সক্ষমতা বৃদ্ধি এবং অ্যারোস্পেস প্রযুক্তিতে সমন্বয়ের বিষয়ে আলোচনা হয়েছে। পাকিস্তান বিমানবাহিনী বাংলাদেশকে পূর্ণাঙ্গ প্রশিক্ষণ কাঠামোর আওতায় সহায়তার আশ্বাস দিয়েছে।

This post was viewed: 57

আরো পড়ুন