আগামী পাঁচ বছরে এক কোটি বৈদেশিক কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। নির্বাচনী ইশতাহারের অংশ হিসেবে এ পরিকল্পনা বাস্তবায়নে ১৮০ দিনের একটি প্রাথমিক রোডম্যাপ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক।
তিনি জানান, ধাপে ধাপে পাঁচ বছরে এ কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা হবে। গতকাল সংসদে একাধিক প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য তুলে ধরেন।
প্রতিমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যের শ্রমবাজার বর্তমানে কিছুটা সংকুচিত হলেও মালয়েশিয়া, থাইল্যান্ড ও কম্বোডিয়ায় নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। বিশেষ করে মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালুর বিষয়ে আলোচনা ইতিবাচক অগ্রগতি পেয়েছে।
তিনি আরও জানান, বর্তমানে বিশ্বের ১৭৬টি দেশে এক কোটি ৩০ লাখের বেশি বাংলাদেশি কর্মরত রয়েছেন। গত ২২ বছরে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে এক কোটি ১৪ লাখ শ্রমিক পাঠানো হয়েছে, যার মধ্যে সৌদি আরবেই গেছেন ৫৩ লাখের বেশি কর্মী।
সরকার বিকল্প শ্রমবাজার হিসেবে জাপান, দক্ষিণ কোরিয়া, রাশিয়া, ইতালি ও রোমানিয়াসহ একাধিক দেশকে চিহ্নিত করেছে। পাশাপাশি দক্ষ জনশক্তি তৈরিতে টেকনিক্যাল ট্রেনিং সেন্টার ও ভাষা প্রশিক্ষণ কার্যক্রম জোরদার করা হচ্ছে।
২০২৫ সালে ১১ লাখের বেশি কর্মী বিদেশে গেছেন, যার মধ্যে ৬২ হাজারের বেশি নারী কর্মী রয়েছেন বলে সংসদে জানানো হয়।