Skip to main content

Ridge Bangla

পাঁচ জেলা ও দুই বিভাগে শৈত্যপ্রবাহ, কোথাও কোথাও কমছে শীতের প্রকোপ

দেশের পাঁচটি জেলা ও দুটি বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে কয়েকটি অঞ্চলে ঘন কুয়াশা কেটে গিয়ে সূর্যের দেখা মিলতে শুরু করায় শীতের তীব্রতা কিছুটা কমেছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দীর্ঘদিন পর রাজধানীতেও শীতের প্রকোপ কিছুটা হ্রাস পেয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির জানান, মাদারীপুর, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা ও সিরাজগঞ্জ জেলা এবং খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। একই সময়ে ঢাকা মহানগরসহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় কুয়াশার প্রকোপ কমে যাওয়ায় দিনের বেলায় তাপমাত্রা তুলনামূলক বেড়েছে।

তিনি বলেন, রাজধানীতে শীতের অনুভূতি আগের চেয়ে কম হলেও নতুন বছরের শুরুতে, বিশেষ করে ৩ বা ৪ জানুয়ারির দিকে শীত আবারও বাড়তে পারে। চলতি সপ্তাহে কুয়াশার প্রবণতা কম থাকায় কিছু এলাকায় শীতের তীব্রতা কমে আসতে পারে।

বুধবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে গোপালগঞ্জে ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, যা চলতি মৌসুমে সর্বনিম্ন। যশোরে ৭ দশমিক ৮, চুয়াডাঙ্গায় ৮, রাজশাহীতে ৮ দশমিক ৪ এবং খুলনা ও ভোলায় ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৭ ডিগ্রি এবং সর্বোচ্চ ২১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

This post was viewed: 53

আরো পড়ুন