কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন শুভেন্দু অধিকারী। আজ শনিবার (৯ মে) অনুষ্ঠিত এই শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বিজেপিশাসিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা।
শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভার পাঁচ সদস্যের নামও ঘোষণা করা হয়েছে। তারা হলেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, নিশীথ প্রামাণিক এবং ক্ষুদিরাম টুডু। শপথ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর পর পর্যায়ক্রমে শপথ নেন তারা পাঁচজন।
পশ্চিমবঙ্গে বিজেপির প্রথম সরকার গঠনের এই আয়োজনকে ঘিরে রাজধানী কলকাতায় ছিল এক উৎসবমুখর পরিবেশ। অনুষ্ঠানের প্রধান মঞ্চে স্থাপন করা হয় বিশাল আকৃতির দুর্গামূর্তি।
পাশাপাশি বাংলার ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরতে মঞ্চ ও আশপাশের এলাকা বিভিন্ন প্রতিকৃতি দিয়ে নান্দনিক সাজসজ্জায় সজ্জিত করা হয়। দর্শনার্থীদের জন্য মাঠজুড়ে রাখা হয় নানা ধরনের খাবারের দোকান, যেখানে ঝালমুড়ি, রসগোল্লা, সন্দেশসহ জনপ্রিয় বাঙালি খাবারের আয়োজন ছিল।