Skip to main content

Ridge Bangla

পর্যবেক্ষকদের চোখ দিয়েই সুষ্ঠু নির্বাচন দেখতে চাই: সিইসি নাসির উদ্দিন

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ‎এ এম এম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচন পর্যবেক্ষক সংস্থাগুলো নির্বাচন কমিশনের সহযোগী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা একটি সুষ্ঠু, সুন্দর ও বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার দিতে পর্যবেক্ষকদের চোখ দিয়েই পুরো নির্বাচন প্রক্রিয়া দেখতে চাই।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে নির্বাচন ভবনে ৪০টি নির্বাচন পর্যবেক্ষক সংস্থার সঙ্গে সংলাপে সিইসি এ মন্তব্য করেন। এবারের জন্য ৮১টি প্রতিষ্ঠানকে নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন। সংলাপে সকাল ভাগে ৪১টি সংস্থার প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়।

সিইসি বলেন, “জাতিকে একটি বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার দেওয়ার যে ওয়াদা কমিশন দিয়েছে, তা একার পক্ষে সম্ভব নয়। সবাই মিলে এই জাতীয় দায়িত্ব পালন করতে হবে। পর্যবেক্ষকদের চোখ যদি নিরপেক্ষ না হয়, আমাদের নির্বাচনের দেখাও সঠিক হবে না।”

তিনি আরও বলেন, নতুন পর্যবেক্ষকদের অবিলম্বে নির্বাচন ও নির্বাচনি প্রক্রিয়া সম্পর্কে ওরিয়েন্টেশন ও প্রশিক্ষণ দিতে হবে। মাঠকর্মীদের কর্মকাণ্ডই সংস্থার সুনাম এবং নির্বাচন কমিশনের কাছে তাদের ভাবমূর্তিকে প্রভাবিত করবে।

নাসির উদ্দিন দেশের সব সংস্থাকে অনুরোধ করেন, রাজনীতি ও দলের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের পর্যবেক্ষক হিসেবে নিয়োগ না দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে। এছাড়া, সংস্থাগুলোর মাঠকর্মীরা কোনো রাজনৈতিক কর্মকাণ্ড বা প্রচারণায় যুক্ত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

This post was viewed: 95

আরো পড়ুন